Friday, October 30

আগামী ১৬ জুন থেকে আন্তর্জাতিক রুটে ফ্লাইট চালুর সিদ্ধান্ত

0

আগামী ১৬ জুন থেকে আন্তর্জাতিক রুটে ফ্লাইট চালুর সিদ্ধান্ত নিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।

 বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মফিদুর রহমান বৃহস্পতিবার (১১ জুন) এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে নিশ্চিত করেছেন।

তিনি বলেন, চীন-যুক্তরাজ্যসহ ইউরোপের দেশগুলো ছাড়া মধ্যপ্রাচ্যের সব দেশ বাংলাদেশিদের প্রবেশে নিষেধাজ্ঞা দিয়ে রেখেছে। তাই সেসব দেশে আমরা ফ্লাইট চালু করতে পারছি না। তবে কাতার এয়ারওয়েজকে যাত্রী পরিবহনের অনুমতি দেয়া হয়েছে। তারা ইউরোপসহ যেসব গন্তব্যে বাংলাদেশিদের প্রবেশে বাধা নেই, সেসব দেশে যাত্রীদের নিয়ে যাবে।

পরে এ বিষয়ে বেবিচকের এক আদেশে বলা হয়, স্বাস্থ্যবিধি ও বেবিচকের নীতিমালা অনুসরণ করে আগামী ১৬ জুন থেকে সীমিত পরিসরে আন্তর্জাতিক রুটে বিমান চলাচল শুরু হবে। বিরাজমান পরিস্থিতির কারণে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ঢাকা-লন্ডন-ঢাকা রুটে যাত্রী পরিবহন করতে পারবে এবং কাতার এয়ারওয়েজ দোহা-ঢাকা-দোহা রুটে শুধু ট্রানজিট যাত্রী পরিবহন করতে পারবে।

ফলে বাংলাদেশ থেকে যাত্রীরা এখন চীন, যুক্তরাজ্য (লন্ডন) ও ইউরোপের অন্যান্য দেশে যেতে পারবেন। তবে সেক্ষেত্রে অবশ্যই স্বাস্থ্যবিধি মানতে হবে।

বাংলাদেশ থেকে যুক্তরাজ্যের লন্ডন ও ম্যানচেস্টার রুটে দুটি ফ্লাইট পরিচালনা করা হয়। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ফ্লাইট দুটি পরিচালনা করে। তবে বেবিচক শুধু লন্ডন রুটে যাত্রী পরিবহনের অনুমতি দেয়ায় এখনই ম্যানচেস্টার রুটে চলছে না ফ্লাইট।

করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে গত ২১ মার্চ থেকে ৩১ মার্চ পর্যন্ত যুক্তরাজ্য, চীন, হংকং, থাইল্যান্ড ছাড়া সব দেশের সঙ্গে এবং অভ্যন্তরীণ রুটে যাত্রীবাহী ফ্লাইট চলাচল বন্ধের ঘোষণা দিয়েছিল বেবিচক। এরপর আরেকটি আদেশে চীন বাদে সব দেশের সাথে ৭ এপ্রিল পর্যন্ত বিমান চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হয়। এই নিষেধাজ্ঞা সরকারি সাধারণ ছুটির সাথে সমন্বয় করে পর্যায়ক্রমে ১৪ এপ্রিল, ৩০ এপ্রিল, ৭ মে, ১৬ মে, ৩০ মে এবং ১৫ জুন পর্যন্ত বাড়ানো হয়।

দীর্ঘ ৬৯ দিন বন্ধ থাকার পর গত ১ জুন থেকে অভ্যন্তরীণ আকাশপথে যাত্রীবাহী বিমান চলাচলের অনুমতি দেয় বেবিচক। তখন থেকে ঢাকা, সিলেট, চট্টগ্রাম ও সৈয়দপুর রুটে ফ্লাইট চলাচল করছে। ১১ জুন থেকে যশোর রুটেও ফ্লাইট চলাচলের অনুমতি দেয়া হয়েছে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.