আজ দেশের আকাশে চাঁদ দেখা গেলে আগামীকাল শনিবার ঈদুল ফিতর উদযাপিত হবে। আর চাঁদ দেখা না গেলে শনিবার রমজান মাসের ৩০ দিন পূর্ণ হবে। সে ক্ষেত্রে ঈদ হবে রবিবার (২৩ এপ্রিল)। ২০২০ সালে কোভিড মহামারী শুরুর পর এবারই প্রথম ‘বিধিনিষেধহীন’ ঈদ উদযাপন করবে দেশের মানুষ। এবার থাকবে না মাস্ক পরার বাধ্যবাধকতা; এবার ঈদগাহ ময়দানে যাওয়া যাবে জায়নামাজ নিয়ে; নামাজে দাঁড়ানো যাবে ‘সামাজিক দূরত্ব’ বজায় না রেখেই।
পবিত্র ঈদুল ফিতর শনিবার নাকি রবিবার, সে সিদ্ধান্ত নিতে আজ শুক্রবার সন্ধ্যায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে সভা করবে জাতীয় চাঁদ দেখা কমিটি। তবে এরই মধ্যে চাঁদ দেখা নিয়ে আবহাওয়া অধিদপ্তর যে ব্যাখা দিয়েছে, তা নিয়ে বিতর্ক শুরু হয়েছে।
সাধারণত ঈদের চাঁদ দেখা ও ঘোষণার দায়িত্ব জাতীয় চাঁদ দেখা কমিটির। কিন্তু আবহাওয়া অফিস ২৭ রমজানই ঘোষণা দেয়, শুক্রবার (আজ) ২৯ রমজানে সন্ধ্যা ৬টা ২৫ মিনিট থেকে ৭টা পর্যন্ত শাওয়াল মাসের চাঁদ দেখা যাবে। অর্থাৎ শনিবার হবে ঈদুল ফিতর।
আবহাওয়া অধিদপ্তরের এই বিজ্ঞপ্তিতে আপত্তি জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন। তারা জানিয়েছে, চাঁদ দেখা নিয়ে সিদ্ধান্ত দেওয়ার এখতিয়ার আবহাওয়া অধিদপ্তরের নেই। যদিও বৃহস্পতিবার আগের অবস্থান থেকে সরে এসেছে আবহাওয়া অধিদপ্তর। তারা সংশোধনী দিয়ে বলেছে, অবস্থানগত কারণে আকাশ মেঘমুক্ত থাকা সাপেক্ষে বাংলাদেশে চাঁদ দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে। এ ব্যাপারে আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ আফরোজা সুলতানা জানান, চাঁদ দেখা যেহেতু ধর্মীয় বিষয়, তাই ‘দেখা যাবে’-এর স্থলে ‘সম্ভাবনা আছে’ বলে পূর্বাভাসে সংশোধনী আনা হয়েছে। এ অবস্থায় আজ শুক্রবার জাতীয় চাঁদ দেখা কমিটি ঘোষণা করবে কবে ঈদুল ফিতর।
ইসলামিক ফাউন্ডেশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় সভাপতিত্ব করবেন কমিটির সভাপতি ও ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান। বাংলাদেশের আকাশে কোথাও শাওয়াল মাসের চাঁদ দেখা গেলে তা টেলিফোন (০২-২২৩৩৮১৭২৫, ০২-৪১০৫০৯১২, ০২-৪১০৫০৯১৬ ও ০২-৪১০৫০৯১৭), ফ্যাক্স নম্বর (০২-২২৩৩৮৩৩৯৭, ০২-৯৫৫৫৯৫১) অথবা সংশ্লিষ্ট জেলা প্রশাসক অথবা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানানোর অনুরোধ জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন।
এ