বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলের পেশাজীবীদের সঙ্গে বৈঠকে বসছেন। আজ বৃহস্পতিবার বিকেল ৪টায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার গুলশান কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে বলে এনটিভি অনলাইনকে জানিয়েছেন বিএনপির চেয়ারপারসনের প্রেস উইংয়ের গণমাধ্যম শাখার কর্মকর্তা শামসুদ্দিন দিদার।
এর আগে গতকাল বুধবার সন্ধ্যায় ঢাকায় সফররত ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক করেন বিএনপির জ্যেষ্ঠ নেতারা।
বৈঠক শেষে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিদলের সঙ্গে আমাদের বৈঠক হয়েছে। আমরা তাদের বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সাজা, তারেক রহমানের বিরুদ্ধে লন্ডনে বাংলাদেশ দূতাবাসে হামলার অভিযোগ ও সমসাময়িক রাজনৈতিক বিষয় এবং আমাদের দলের অবস্থান জানিয়েছি।’
‘এ ছাড়া আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়েও আলোচনা হয়েছে। ইউরোপীয় ইউনিয়ন চায়, বাংলাদেশে সব দলের অংশগ্রহণে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হোক।’
গত ৮ ফেব্রুয়ারি থেকে জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় পাঁচ বছরের সাজাপ্রাপ্ত হয়ে পুরান ঢাকার কেন্দ্রীয় কারাগারে আছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। সাবেক প্রধানমন্ত্রীর মামলার রায়ের পর থেকে বিদেশি কূটনৈতিক, ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে বৈঠক করেছে বিএনপি।