Sunday, November 29

আজ রাজশাহী যাচ্ছেন প্রধানমন্ত্রী

0

প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিনব্যাপী সফরে আজ রাজশাহী যাচ্ছেন। সফরকালে তিনি বাংলাদেশ সেনাবাহিনীর ইঞ্জিনিয়ারিং কোরের ষষ্ঠ কোরের পুনর্মিলনীতে যোগদান এবং ২১টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ১২টি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিকেলে রাজশাহী মহানগরীর মাদ্রাসা ময়দানে আওয়ামী লীগ আয়োজিত এক জনসভায় ভাষণ দেবেন।

প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্র জানিয়েছে, সকালে রাজশাহী পৌঁছানোর পর শেখ হাসিনা কাদিরাবাদ সেনানিবাসে বাংলাদেশ সেনাবাহিনীর ইঞ্জিনিয়ারিং কোরের ষষ্ঠ কোরের পুনর্মিলনীতে যোগদান করবেন। দুপুরের পর তিনি মাদ্রাসা ময়দান থেকে ২১টি উন্নয়ন প্রকল্প উদ্বোধন ও ১২টি প্রকল্পের ভিত্তিপ্রস্তরের ফলক উন্মোচন করবেন।

শেখ হাসিনা যেসব প্রকল্পের উদ্বোধন করবেন সেগুলো হলো—বোয়ালিয়ায় বঙ্গবন্ধু ডিগ্রি কলেজের চারতলাবিশিষ্ট ও এ এইচ কামারুজ্জামান ডিগ্রি কলেজের পাঁচতলাবিশিষ্ট একাডেমিক ভবন, পবায় দামুকুরা হাট কলেজের চাতলা একাডেমিক ভবন, বাঘায় আড়ানি ডিগ্রি কলেজের চারতলা একাডেমিক ভবন, তানোরে আবদুল করিম সরকারি ডিগ্রি কলেজের চারতলা একাডেমিক ভবন, বাঘমারায় বাঘমারা ডিগ্রি কলেজের চারতলা একাডেমিক ভবন, পুঠিয়ায় বিড়ালদহ কলেজের চারতলা একাডেমিক ভবন, চন্দ্রিমা থানা, কাশিয়াডাঙ্গা থানা, কাটাখালী থানা, পবা থানা, কর্ণহার থানা, দামকুড়া থানা, বেলপুকুর থানা, বারনই নদীতে রাবার ড্যাম, রাজশাহী (উত্তর) ফায়ার সার্ভিস স্টেশন, রাজশাহী নওহাটা ফায়ার স্টেশন, ইঞ্জিনিয়ারিং অ্যান্ড সার্ভে ইনস্টিটিউট, গোদাগাড়ী উপজেলা কমপ্লেক্সের প্রশাসন ভবন ও হলরুমের সম্প্রসারণ এবং বিভাগীয় মাদক নিয়ন্ত্রণ বিভাগের কার্যালয় নির্মাণ।

প্রধানমন্ত্রী যেসব প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন সেগুলো হলো—রাজশাহী সরকারি মহিলা কলেজের ছয়তলাবিশিষ্ট মহিলা ডরমিটরি, কাশিয়াডাঙ্গা ৩৩/১১ কেভি বিদ্যুৎ উপকেন্দ্র, মেহেরচণ্ডী ৩৩/১১ কেভি সাব-স্টেশন, রাজশাহী-নাটোর মহাসড়কে ৩২৪.৫০ মিটার ফ্লাইওভার, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নভোথিয়েটার, চারঘাট উপজেলায় বড়াল নদীতে ৯৬ মিটার পিএসসি গার্ডার ব্রিজ, গোদাগাড়ী উপজেলায় বড়গাছি ও রাজাবাড়ি ইউনিয়ন ভূমি অফিস, চারঘাট উপজেলায় চারঘাট ও নন্দনগাছি ইউনিয়ন ভূমি অফিস, রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন, দুর্গাপুর উপজেলায় ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ কেন্দ্র এবং বেসরকারি শাহ মখদুম মেডিকেল কলেজের একাডেমিক ভবন।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.