আশুলিয়ায় জঙ্গি আস্তানায় গোলাগুলি

0

সাভারের আশুলিয়ায় জঙ্গি আস্তানা সন্দেহে একটি বাড়ি ঘিরে রেখেছে র‌্যাব সদস্যরা। শনিবার রাত একটার দিকে র‌্যাব ৪-এর একটি দল নয়ারহাট এলাকার চৌরাবালি এলাকায় ইব্রাহীম নামে এক ব্যক্তির টিনশেড ওই বাড়িটি ঘিরে ফেলে। বাড়িটির ভেতর থেকে জঙ্গিরা দুই দফায় ১০-১২ রাউন্ড গুলি ছোড়ার পর সকালে র‌্যাব সদস্যরাও পাল্টা গুলি ছোড়েন।

অভিযান শুরুর পরপরই ভেতরে থাকা জঙ্গিরা র‌্যাব সদস্যদের লক্ষ্য করে কমপক্ষে ৫ রাউন্ড গুলি ছোড়ে বলে জানান অভিযানের নেতৃত্বে থাকা অতিরিক্ত ডিআইজি লুৎফুল কবীর। পরে রোববার সকাল ছয়টার দিকে ওই বাড়ি থেকে র‌্যাব সদস্যদের লক্ষ্য করে আবারও ৫-৭ রাউন্ড গুলি ছোড়া হয়। জবাবে র‌্যাবের সদস্যরাও পাল্টা বেশ কয়েক রাউন্ড গুলি ছোঁড়েন।

বাড়ির ভেতরে জঙ্গি দলের একাধিক সদস্য রয়েছে বলে র‌্যাব-৪ অধিনায়ক লুৎফুল কবীরের ধারণা। তিনি জানান, ভেতরে থাকা জঙ্গিরা র‌্যাব সদস্যদের তাগুতির দল আখ্যায়িত করে বেশ কয়েকবার গালিগালাজ করে।

সকাল সাড়ে ছয়টায় তিনি বলেন, কিছুক্ষণ করে বিরতি দিয়ে হ্যান্ডমাইকে বাড়িটির ভেতরে থাকা জঙ্গিদের আত্মসম্পর্ণ করার জন্য বারবার বলা হচ্ছে। কিন্তু তারা এই আহ্বানে সাড়া না দিয়ে উল্টো গুলি ছুঁড়েছে। তাই আমরাও গুলি ছুঁড়তে বাধ্য হয়েছি।

লুৎফুল কবীর বলেন, বেশ কিছুদিন ধরে আমরা এই জঙ্গিদের ব্যাপারে অনুসন্ধান চালাচ্ছিলাম। এরই ধারাবাহিকতায় তাদের এই আস্তানাটির বিষয়ে নিশ্চিত হওয়ার পর সেখানে অভিযান শুরু করি। টিনশেড ওই বাড়িটির ভেতরে থাকা জঙ্গিদের আত্মসম্পর্ণ করতে হ্যান্ডমাইকে বেশ কয়েকবার আহ্বান জানানো হলেও রাতে তারা কোন সাড়া দেয়নি।

নিরাপত্তার স্বার্থে রাত ৩টা থেকে জঙ্গিদের ওই আস্তানার আশপাশের বাড়িগুলোর বাসিন্দাদের সরিয়ে নেয়ার জন্য র‌্যাব সদস্যরা কাজ শুরু করে। র‌্যাবের অভিযানের খবর পেয়ে আশুলিয়া থানা পুলিশের একটি দল সেখানে গিয়েছে বলেও জানান আশুলিয়া থানার ওসি আব্দুল আওয়াল।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.