ইউক্রেনে প্রাণ হারানো হাদিসুরের মরদেহ আসছে দুপুরে

0

বাংলার সমৃদ্ধি জাহাজের ২৮ নাবিক দেশে ফেরার তিন দিন পর দেশে আসছে ইউক্রেনে রকেট হামলায় নিহত থার্ড ইঞ্জিনিয়ার হাদিসুর রহমানের মরদেহ। যে ঘটনায় তার পরিবারসহ পুরো বাংলাদেশ মর্মাহত হয়। পরিবারের দাবি ছিল- জীবিত না পেলেও যেন অন্তত মরদেহটি পান তারা। এরপরই হাদিসুরের মরদেহ ইউক্রেন থেকে উদ্ধার করে দেশে আনতে সরকারিভাবে উদ্যোগ নেওয়া হয়। সেই উদ্যোগে অনেক চেষ্টার পর হাদিসুরের মরদেহ আজ রোববার (১৩ মার্চ) দুপুরের দিকে ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামছে বলে জানা গেছে।

গতকাল শনিবার (১২ মার্চ) রাতে রোমানিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. দাউদ আলী এ তথ্য জানান। তিনি গণমাধ্যমকে বলেন, ‘রোমানিয়া সময় রাত পৌনে ১০টায় নাবিক হাদিসুরের মরদেহ টার্কিশ এয়ারলাইনসের একটি কার্গো ফ্লাইটে ঢাকার উদ্দেশে রওনা করেছে। বাংলাদেশ সময় ২টায় হাদিসুরের মরদেহ ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।’

এর আগে, গত শুক্রবার (১১ মার্চ) হাদিসুরের মরদেহ ইউক্রেন থেকে মালদোভায় পৌঁছায়। সেখান থেকে মরদেহ গতকাল শনিবার সকালে রোমানিয়ায় পৌঁছায়। গত ২ মার্চ ইউক্রেনের অলভিয়া বন্দরে আটকে থাকা ‘এমভি বাংলার সমৃদ্ধি’ রকেট হামলার শিকার হয়। ওই সময়ে নিহত হন নাবিক হাদিসুর।

পরদিন ৩ মার্চ জাহাজটি থেকে জীবিত ২৮ নাবিক ও নিহত হাদিসুরের মরদেহ নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়। এরপর ওই ২৮ নাবিককে ইউক্রেন থেকে মালদোভা হয়ে রোমানিয়ায় নিয়ে যায় সেখানকার বাংলাদেশ দূতাবাস। গত ৯ মার্চ রোমানিয়ায় বাংলাদেশ দূতাবাসের তত্ত্বাবধানে রোমানিয়ায় অবস্থান করা ২৮ নাবিককে বাংলাদেশে নিয়ে আসা হয়।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.