ইসলামী বিশ্ববিদ্যালয়ের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের অনার্স প্রথম বর্ষ ভর্তি পরীক্ষা পেছানোর সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। নতুন সিদ্ধান্ত অনুযায়ী আগামী ১ থেকে ৫ ডিসেম্বর ভর্তি পরীক্ষা অনুাষ্ঠিত হবে। একই সাথে ভর্তি আবেদনের সময় বৃদ্ধি করে ১৯ নভেম্বর করা হয়েছে।
আজ রোববার ভিসি অফিসের সভাকক্ষে কেন্দ্রীয় ভর্তি কমিটির সভায় এসব সিদ্ধান্ত নেয়া হয়। বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এস এম আব্দুল লতিফ এ তথ্য নিশ্চিত করেছেন।
রেজিস্ট্রার অফিস সূত্রে জানা গেছে, দেশের ৪/৫টি বিশ্ববিদ্যালয়ের সাথে ইসলামী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার সময়সূচি মিলে যাওয়ায় ভর্তিচ্ছুদের স্বার্থে সময়সূচিতে পরিবর্তন এনেছে ইবি প্রশাসন।
পূর্বঘোষিত সময় অনুযায়ী ২৫ থেকে ২৯ নভেম্বর পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। সভায় ভর্তি পরীক্ষা কমিটির উপস্থিত সবার মতামতের ভিত্তিতে তা পরিবর্তন করে ১ থেকে ৫ ডিসেম্বর করা হয়েছে। একই সাথে ভর্তি আবেদনের সময় ১০ নভেম্বর থেকে নয় দিন বৃদ্ধি করে আগামী ১৯ নভেম্বর করা হয়েছে।
ভর্তি পরীক্ষা এবং ফলাফল প্রকাশের পর ১২ ডিসেম্বর থেকে মেধাতালিকার সাক্ষাৎকার শুরু হবে। মেধাতালিকার ভর্তি শেষে সমাবর্তন উপলক্ষে ভর্তি কার্যক্রম স্থগিত থাকবে।
সমাবর্তনের পর ২০১৮ সালের ১০ জনুয়ারি থেকে আসন খালি থাকা সাপেক্ষে অপেক্ষমান তালিকার ভর্তি কার্যক্রম চলবে।
ভর্তি কার্যক্রম শেষে আগামী বছরের ২৭ জানুয়ারি থেকে নবীন শিক্ষার্থীদের ক্লাস পরীক্ষা শুরু হবে।