ইয়েমেনের উপকূলীয় শহর আদেনে সরকারি বাহিনী এবং বিচ্ছিন্নতাবাদীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১২ জন নিহত এবং আরো একশ ৩০ জনের বেশি আহত হয়েছেন।
প্রসঙ্গগত, সৌদি আরব সমর্থন দিচ্ছে ইয়েমেনের সরকারি বাহিনীকে এবং বিচ্ছিন্নতাবাদীদের পেছনে রয়েছে সংযুক্ত আরব আমিরাত। ইয়েমেনের স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, সোমবার অন্তত চারজন প্রাণ হারিয়েছে। এছাড়া আরো আটজন নিহত হয়েছেন গত রবিবার।
আদেনের বেশ কিছু সরকারি ভবন দক্ষিণাঞ্চলীয় ইয়েমেনের বিচ্ছিন্নতাবাদী দল সাউথার্ন ট্রানজিশনাল কাউন্সিল (এসটিসি) দখল করে নেয়। তারা ইয়েমেনের দক্ষিণাঞ্চলকে পৃথকীকরণের দাবি জানিয়ে আসছে।
আদেনের স্থানীয় একজন বাসিন্দা আলজাজিরাকে বলেন, আদেনের খোরমাকসার এবং দের সাদ জেলায় সারাদিন দু’পক্ষের মধ্যে গোলাগুলি হয়েছে। রাস্তা-ঘাট ফাঁকা হয়ে গেছে গোলাগুলির কারণে। দোকান এবং স্কুল রাখা হয়েছে বন্ধ।
সূত্র : আলজাজিরা