Wednesday, November 25

উন্নয়ন মেলার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

0

ভিডিও কনফারেন্সের মাধ্যমে তৃতীয়বারের মতো দেশব্যাপী উন্নয়ন মেলার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উন্নয়নের রোল মডেল, শেখ হাসিনার বাংলাদেশ স্লোগানে আজ বৃহস্পতিবার ১১ জানুয়ারি সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশজুড়ে উন্নয়ন মেলার উদ্বোধন করে প্রধানমন্ত্রী।

রাজধানীতে মেলা হচ্ছে সেগুনবাগিচায় বাংলাদেশ শিল্পকলা একাডেমি চত্বরে। তিন দিনব্যাপী উন্নয়ন মেলায় সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের বিষয়াদি তুলে ধরা হচ্ছে। সরকারের নেওয়া বিভিন্ন উন্নয়ন কর্মসূচির সঙ্গে দেশের প্রান্তিক জনগণকে সম্পৃক্ত করতেই এই মেলার আয়োজন করা হয়।

ভিডিও কনফারেন্সের প্রধানমন্ত্রী বলেন, আমরা উন্নয়নের গতি নিয়ে কাজ করে যাচ্ছি, যার সুফল পাচ্ছে জনগণ। ২০২১ সালে দেশকে ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত দেখতে চাই। এটি যেন অব্যাহত থাকে সেজন্য তৃণমূলের মানুষের ভাগ্য পরিবর্তনে সরকার কাজ করে যাচ্ছে।

তিনি বলেন, বাংলাদেশের প্রতিটি মানুষ ঘর পাবে, চিকিৎসাসেবা পাবে, প্রতিটি মানুষ আলোকিত হবে। এগুলোই ছিল বঙ্গবন্ধুর স্বপ্ন। ২০০৯ সালে ক্ষমতায় আসার পর কিভাবে দেশের মানুষের উন্নতি করা যায় আমাদের সেই ভাবনা ছিল সবসময়। আমরা সেই লক্ষ্যে কাজ করছি।প্রধানমন্ত্রী বলেন, আমরা বিনামূল্যে বই দিচ্ছি, বৃত্তি প্রাইমারি থেকে মাস্টার্স পর্যন্ত বই দেওয়ার উদ্যোগ নিয়েছি। প্রতিটি জেলায় বিশ্ববিদ্যালয় করে দিচ্ছি। শিক্ষার মানোন্নয়নে উপজেলা পর্যন্ত প্রশিক্ষণের ব্যবস্থা করছি।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী উন্নয়ন কর্মকাণ্ড যেন সঠিকভাবে পরিচালনা করা হয় সেজন্য সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.