Monday, September 28

এইচএসসি পরীক্ষায় পাসের হার ৬৮.৯১, জিপিএ-৫ কমেছে

0

উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষায় এবার সারাদেশে গড় পাসের হার ৬৮ দশমিক ৯১ শতাংশ। আজ রবিবার সকাল ১০টার পর গণভবনে প্রধানমন্ত্রীর হাতে ৮টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের ফলাফলের অনুলিপি তুলে দেন শিক্ষামন্ত্রী ও সংশ্লিষ্ট বোর্ড চেয়ারম্যানরা। সেখানে তিনি ফলাফলের সংক্ষিপ্ত কিছু তথ্য তুলে ধরেন।

দুপুর ১টায় শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ সচিবালয়ে সংবাদ সম্মেলন করে আনুষ্ঠানিকভাবে ফলাফল প্রকাশ করবেন।

জানা গেছে, এবার সারা দেশে গড় পাসের হার ৬৮.৯১ শতাংশ। গতবার এ হার ছিল ৭৪ দশমিক ৭০ শতাংশ। এবারে মোট জিপিএ-৫ পেয়েছেন ৩৭ হাজার ৭২৬ জন। মাদ্রাসা বোর্ডে পাসের হার ৭৭.২০ শতাংশ, জিপিএ-৫ পেয়েছেন ১ হাজার ৮১৫ জন। কারিগরী শিক্ষা বোর্ডে ৮১ দশমিক ৩৩ শতাংশ, জিপিএ-৫ পেয়েছেন ২ হাজার ৬৬৯ জন। সব মিলিয়ে আটটি সাধারণ শিক্ষা বোর্ড পাসের হার ৬৬ দশমিক ৮৪ শতাংশ।

এ ব্যাপারে ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক তপন কুমার সরকার জানান, দুপুর দেড়টার সময় নিজ নিজ কেন্দ্র/প্রতিষ্ঠান থেকে এবং অনলাইনে একযোগে ফলাফল প্রকাশ করা হবে।

শিক্ষামন্ত্রী জানান, এবারের আটটি সাধারণ শিক্ষা বোর্ডর অধীন শুধু এইচএসসি পরীক্ষার পাসের গড় হার ৬৬ দশমিক ৮৪ শতাংশ। গতবার এ হার ছিল ৭২ দশমিক ৪৭ শতাংশ। এখানেও পাসের হার কমেছে। এবারের জিপিএ-৫ পেয়েছেন ৩৩ হাজার ২৪২ জন। গতবার পেয়েছিল ৪৮ হাজার ৯৫০ জন।

অন্যদিকে, মাদ্রাসা ও কারিগরিতেও গতবারের চেয়ে ফলাফল খারাপ হয়েছে। মাদ্রাসা বোর্ডে এবার পাসের হার ৭৭ দশমিক ২ শতাংশ। এ বোর্ডে ১১ শতাংশের বেশি পাসের হার কমেছে। এখানে জিপিএ-৫ পেয়েছেন ১ হাজার ৮১৫ জন।

অন্যদিকে, কারিগরি শিক্ষা বোর্ডে পাসের হার ৮১ দশমিক ৩৩ শতাংশ। গতবার এ হার ছিল ৮৪ দশমিক ৫৭ শতাংশ। এখানে জিপিএ পেয়েছেন ২ হাজার ৬৬৯ জন।

অবশ্য তুলনামূলক ফল খারাপে বিস্মিত নন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। তিনি বলেন, এসএসসির মতো এখানে নতুন পদ্ধতিতে খাতা মূল্যায়ন করা হয়েছে।

চলতি বছর এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয় গত ২ এপ্রিল। তত্ত্বীয় (লিখিত) পরীক্ষা শেষ হয় ১৫ মে। ব্যবহারিক পরীক্ষা ১৬ মে শুরু হয়ে শেষ হয় ২৫ মে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.