নাটকের নাম ‘হাচ্ছি’। এমন নামের নাটকের গল্পের বিষয়বস্তু কী হবে নামেই আন্দাজ করা যায়। নাটকটিতে অভিনয় করেছেন রাইসুল ইসলাম আসাদ। এতে ব্যবসায়ী চরিত্রে অভিনয় করেছেন তিনি। তার সঙ্গে বিলকিস নামে একটি চরিত্রে অভিনয় করেছেন বাঁধন। নাটকটি পরিচালনা করেছেন আমিরুল ইসলাম অরুণ।
সম্প্রতি রাজধানীর উত্তরায় এর শুটিং সম্পন্ন হয়েছে। নাটকের গল্পে দেখা যাবে, মফিজ নামের একটি ছেলে হঠাৎ তার বসের ঘাড়ে হাঁছি দেয়। মফিজ তার এ ভুলের জন্য বসের কাছে ক্ষমাও চায়; কিন্তু বস তাকে ক্ষমা করেছেন কি না, হ্যাঁ-না কিছুই বলে না। এ নিয়েই এগিয়ে যায় গল্প।
নাটক প্রসঙ্গে রাইসুল ইসলাম আসাদ বলেন, ‘একটি সাধারণ বিষয় নিয়েই নাটকের গল্প। সাধারণ একটি বিষয় নিয়েও যে এত চমৎকার নাটক হতে পারে সেটা আমরা ভুলেই গিয়েছিলাম। এখন তো এমন নাটক হয়ই না। সবার ভালো লাগবে গল্পটি।’ বাঁধন বলেন, ‘বেশ মজার একটি গল্পে কাজকরেছি। আসাদ ভাইয়ের সঙ্গে অভিনয় উপভোগ করেছি।’ নাটকে মফিজ চরিত্রে শ্যামল মাওলাও একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন শাহেদ আলী। নাটকটি শিগগিরই কোনো এক চ্যানেলে প্রচার হবে বলে নির্মাতা জানিয়েছেন।