বিজেপির সঙ্গে কংগ্রেস ও সিপিএমের বোঝাপড়া আছে বলে মন্তব্য করেছেন ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। এমনকি বিজেপিকে একা লড়ে হারাবেন বলেও দাবি করেন তিনি।
মমতা বলেন, রাজস্থানে হেরে ভূত হয়ে গেছে বিজেপি। এখানে বিজেপি, সিপিএম, কংগ্রেস তিনটে দল মিলিত ভাবেও আমাদের ধারেকাছে পৌঁছাতে পারবে না। বিজেপিকে ২০১৯ সালে দূরবীন দিয়েও খুঁজে পাওয়া যাবে না বলেও মন্তব্য করেন মমতা।
মমতা আরো বলেন, একমাত্র তৃণমূলই বিজেপি বিরোধিতা করে। সে কারণে তার দলের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ এনে দলের নেতা-কর্মীদের আটকের চক্রান্ত চলছে। অথচ কংগ্রেস বা সিপিএমের কারো গায়ে আঁচ লাগছে না।
যুব তৃণমূল সভাপতি অভিষেক ব্যানার্জি বলেন, দেশে ২৮টি রাজ্যেও যদি বিজেপি থাকে, বাংলায় তারা কিছু করতে পারবে না। ২০১৯, বিজেপি ফিনিশ।
এ কথা শুনে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন, আর কয়েক দিন অপেক্ষা করুন, তার (মমতার) চারপাশের সবাই জেলে থাকবেন, উনিই একা হয়ে যাবেন। দেখা যাবে কে কাকে ফিনিশ করে!