এ রায় ন্যায়বিচার পরিপন্থী ও রাজনৈতিক প্রতিহিংসাবশত : আইনজীবী

0

জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে বিশেষ আদালত যে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন, তা ‘ন্যায়বিচার পরিপন্থী ও রাজনৈতিক প্রতিহিংসাবশত’ বলে মন্তব্য করেছেন তাঁর আইনজীবী।

আজ বৃহস্পতিবার দুপুরে বকশীবাজারের বিশেষ আদালত রায় ঘোষণার পর পরই আইনজীবী খন্দকার মাহবুব হোসেন এক তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় এ মন্তব্য করেন।

পুরান ঢাকার বকশীবাজারে স্থাপিত বিশেষ আদালতের বিচারক ড. আখতারুজ্জামান রায়ে খালেদা জিয়াকে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ডের পাশাপাশি এ মামলার অন্য পাঁচ আসামিকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড ও দুই কোটি ১০ লাখ টাকা জরিমানা করেছেন।

এই পাঁচ আসামি হলেন বিএনপির জ্যেষ্ঠ ভাইস চেয়ারম্যান তারেক রহমান, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক মুখ্য সচিব কামাল উদ্দিন সিদ্দিকী, বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ভাগ্নে মমিনুর রহমান, মাগুরার সাবেক সংসদ সদস্য কাজী সলিমুল হক কামাল, ব্যবসায়ী শরফুদ্দিন আহমেদ।

খন্দকার মাহবুব হোসেন বলেন, ‘এ রায় রাজনৈতিক প্রতিহিংসাবশত দেওয়া হয়েছে। এটা ন্যায়বিচারের পরিপন্থী। আমরা ন্যায়বিচারের জন্য উচ্চ আদালত যাব। মামলার রায়ের অনুলিপি আদালতের কাছে চাওয়া হয়েছে। আদালত আমাদের আশ্বস্ত করেছেন।’

এ সময় আইনজীবী অভিযোগ করেন, রায় ঘোষণার পর খালেদা জিয়াকে তাঁর আইনজীবীদের সঙ্গে কথা বলতে দেওয়া হয়নি। তাঁকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘিরে রেখেছেন।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.