Sunday, November 29

কক্সবাজারে যাচ্ছেন সুইস প্রেসিডেন্ট আঁলা বেরসেত

0

সহিংসতার শিকার হয়ে মিয়ানমার থেকে বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গাদের দেখতে আজ মঙ্গলবার কক্সবাজারে যাচ্ছেন সুইজারল্যান্ডের প্রেসিডেন্ট আঁলা বেরসেত।

বাসস জানিয়েছে, সুইস প্রেসিডেন্ট আঁলা বেরসেত বেলা সাড়ে ১১ টায় কুতপালং রোহিঙ্গা ক্যাম্পে যাবেন এবং দুপুর ১টা ৫০ মিনিট পর্যন্ত সেখানে অবস্থান করবেন। এ সময় তিনি রোহিঙ্গা শরণার্থীদের সঙ্গে কথা বলবেন।

চার দিনের সফরে গত রোববার দুপুরে বাংলাদেশে এসেছেন সুইজারল্যান্ডের প্রেসিডেন্ট আঁলা বেরসেত।
জাতিসংঘের পরিসংখ্যান অনুযায়ী, ২৫ আগস্টের পর থেকে এ পর্যন্ত ৬ লাখ ৮৮ হাজার রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নিয়েছে। এর আগে ২০১৬ সালের অক্টোবরের পর থেকে পরের কয়েক মাসে আরও ৮৭ হাজার রোহিঙ্গা আশ্রয় নেয় বাংলাদেশে।

বাসস আরও জানায়, সুইজারল্যান্ডের প্রেসিডেন্ট আজ সকাল ৯টায় সুইস এয়ারফোর্সের বিশেষ বিমানে কক্সবাজারের উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন। সকাল ৯টা ৪০ মিনিটে বিমানটি কক্সবাজার পৌঁছাবে বলে আশা করা হচ্ছে।

ঢাকাস্থ সুইস দূতাবাসের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সুইস প্রেসিডেন্ট চলমান রোহিঙ্গা সংকটে সংহতি প্রকাশের জন্য বাংলাদেশে সরকারি সফর করছেন। তিনি কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনকালে স্থানীয় সাংবাদিকদের সঙ্গেও কথা বলবেন। পরে তিনি কক্সবাজার সদর হাসপাতাল পরিদর্শন করবেন।
বিকেল সোয়া ৩টায় ঢাকার উদ্দেশে কক্সবাজার ত্যাগ করবেন সুইস প্রেসিডেন্ট।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.