
আধুনিক বাংলা সাহিত্যের অন্যতম প্রধান কবি আল মাহমুদের শারীরিক অবস্থা আশঙ্কাজনক। গুরুতর অসুস্থ অবস্থায় গতকাল শনিবার রাতে তাকে ধানমণ্ডির শংকরের ইবনে সিনা হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তিনি আইসিইউতে চিকিৎসাধীন। তার পারিবারিক সূত্রে এ তথ্য জানা গেছে।
আল মাহমুদ নিউমোনিয়াসহ বার্ধক্যজনিত নানা শারীরিক সমস্যায় ভুগছেন।
কবি আল মাহমুদের ঘনিষ্ঠজন কবি আবিদ আজম জানান, আল মাহমুদ নিউমোনিয়াসহ বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছেন। হাসপাতালে ভর্তির পর কবিকে প্রথমে সিসিইউতে ও পরে আইসিইউতে নেওয়া হয়। তিনি অধ্যাপক ডা. মো. আবদুল হাইয়ের তত্ত্বাবধানে আছেন।
উল্লেখ্য, আধুনিক বাংলা সাহিত্যের অন্যতম প্রধান কবি তিনি। বাংলা কবিতাকে নতুন আঙ্গিকে, চেতনায় ও বাক্ভঙ্গীতে বিশেষভাবে সমৃদ্ধ করেছেনও তিনি। আল মাহমুদ একাধারে একজন কবি, ঔপন্যাসিক, প্রাবন্ধিক, ছোটগল্প লেখক, শিশু-সাহিত্যিক এবং সাংবাদিক।
বিংশ শতাব্দীর দ্বিতীয়াংশে সক্রিয় থেকে তিনি আধুনিক বাংলা কবিতাকে নতুন আঙ্গিক, চেতনা ও বাক-ভঙ্গিতে বিশেষভাবে সমৃদ্ধ করেছেন। তিনি একজন মুক্তিযোদ্ধা।
তার উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ হচ্ছে- লোকলোকান্তর (১৯৬৩), কালের কলস (১৯৬৬), সোনালী কাবিন (১৯৬৬) ইত্যাদি।
১৯৩৬ সালের ১১ জুলাই ব্রাহ্মণবাড়িয়া জেলার মোড়াইল গ্রামে জন্মগ্রহণ করেন কবি আল মাহমুদ। তার প্রকৃত নাম মীর আবদুস শুকুর আল মাহমুদ। সাহিত্যে অবদানের জন্য ১৯৬৮ সালে বাংলা একাডেমি পুরস্কার পান তিনি। এছাড়া একুশে পদক, ফিলিপস সাহিত্য পুরস্কার, শিশু একাডেমি (অগ্রণী ব্যাংক) পুরস্কার ও কলকাতার ভানুসিংহ সম্মাননা পেয়েছেন তিনি।