করোনাকালে রাজনীতি হচ্ছে মানুষকে বাঁচানো।জনগণের জীবন ও জীবিকার সুরক্ষায় সরকার এবং আওয়ামী লীগ জনগণকে সাথে নিয়ে মহামারির বিরুদ্ধে সফলতার সাথে লড়ে যাচ্ছে।
আজ বুধবার সকালে তার সরকারি বাসভবনে সমসাময়িক বিষয় নিয়ে আয়োজিত নিয়মিত সংবাদ সম্মেলনে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এসব কথা বলেন।
করোনার প্রথম ঢেউ সরকার অত্যন্ত দক্ষতার সাথে সামাল দিয়েছে উল্লেখ করে সড়ক পরিবহন মন্ত্রী বলেন, এখন আবার হঠাৎ মহামারি দেখা দিলে নমুনা পরীক্ষার সুযোগ সম্প্রসারণ, সুরক্ষা সামগ্রী সংগ্রহ, দেশব্যাপী চিকিৎসা নেটওয়ার্ক তৈরিসহ সম্মুখসারির যোদ্ধা এবং অসহায় মানুষের সুরক্ষায় শেখ হাসিনা সরকারের সুদক্ষ কর্মপ্রয়াস বিশ্বসভায় প্রশংসিত হলেও দেশের রাজনীতিবিদ ও মিডিয়ার একটি অংশের প্রশংসা করতে একধরনের কার্পণ্য দেখা যায়। কর্মের ন্যূনতম স্বীকৃতিও তাদের কাছ থেকে পাওয়া যায় না বলেও জানান তিনি।
ওবায়দুল কাদের বলেন, সংক্রমণ ভয়াবহ আকারে ছড়িয়ে পড়েছে শহর থেকে গ্রামে। বাড়ছে অনাকাঙ্ক্ষিত মৃত্যু। নিজের সুরক্ষায় সচেতন থাকার পাশাপাশি অন্ধ সমালোচনার বিপরীতে সহযোগিতার মনোভাব নিয়ে সবার এগিয়ে আসা প্রয়োজন।
সঙ্কট মোকাবেলায় সকলের সহযোগিতার মনোভাব থাকা জরুরি জানিয়ে তিনি বলেন, অপ্রয়োজনে বা সামান্য প্রয়োজনে ঘর থেকে বের হবেন না। নিজের সুরক্ষার জন্য নিজে সচেতন না হলে আমাদের কেউই বাঁচাতে পারবে না। সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।
একটি মহল অবিরাম সরকারের অন্ধ সমালোচনা করে যাচ্ছে উল্লেখ করে সেতুমন্ত্রী বলেন, রাজনীতিবিদদের একটি অংশের পাশাপাশি গণমাধ্যমের একটি অংশও সরকারের দোষ খুঁজে বেড়াচ্ছে। তারা সরকারের ভালো কিছু দেখতে পায় না। দেখতে পায় না কোনো সাফল্য।
শেখ হাসিনা সরকার গঠনমূলক সমালোচনাকে স্বাগত জানায় জানিয়ে ওবায়দুল কাদের বলেন, সমালোচনা থেকে শিক্ষা গ্রহণ করতে চায় কিন্তু ঢালাও সমালোচনা এবং উদ্দেশ্যমূলক অপপ্রচার সরকারের কর্ম উদ্যমকে ব্যাহত করে। সঙ্কটে, দুর্যোগে দলমত নির্বিশেষে সবারই দায়িত্বশীল হতে হয়। সরকারবিরোধী রাজনীতি যারা করছেন, জনগণকে সচেতন করাও তাদের দায়িত্ব। যদি তারা জনগণের জন্য রাজনীতি করেন।
কিন্তু বিএনপি মিথ্যাচার করে যাচ্ছে। করোনার উচ্চমাত্রার সংক্রমণকালেও বিএনপি অসহায় মানুষের পাশে না থেকে পুরনো রেকর্ড বাজিয়ে যাচ্ছে।