Wednesday, September 23

‘কুইন অব সাউথ এশিয়া’ প্রতিযোগিতা পাঁচ দেশের সুন্দরীদের নিয়ে

0

প্রথমবারের মতো দক্ষিণ এশিয়ার পাঁচটি দেশের অংশগ্রহণে ঢাকায় শুরু হতে যাচ্ছে সুন্দরীদের নতুন প্রতিযোগিতা ‘কুইন অব সাউথ এশিয়া’। দেশগুলো হলো- বাংলাদেশ, শ্রীলঙ্কা, পাকিস্তান, ভারত ও নেপাল।

শনিবার সন্ধ্যায় রাজধানীর একটি অভিজাত হোটেলে সংবাদ সম্মেলনের মাধ্যমে এই আয়োজনের আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন এটিএন বাংলার চেয়ারম্যান ও এই প্রতিযোগিতার প্রধান পৃষ্ঠপোষক ড. মাহফুজুর রহমান।

প্রতিযোগিতাটির যৌথ আয়োজক বাংলাদেশের প্লাটফর্ম এটিএন ইভিন্টেস এবং ফাব কমিউনিকেশন।

মাহফুজুর রহমান বলেন, ‘এখনও আমাদের অভিনয়শিল্পী সংকট কাটেনি। এই প্রতিযোগিতার মধ্য দিয়ে আমরা কয়েকজন ভালো অভিনয়শিল্পী খুঁজে পাওয়ার আশা রাখি। পাঁচ দেশের সুন্দরীদের মধ্য থেকে বিজয়ীদের বিশেষ গ্রুমিংয়ের মাধ্যমে আমরা গড়ে তুলব। যারা আগামীতে দেশের মুখ উজ্জ্বল করবে।

সংবাদ সম্মেলনে একটি ভিডিও প্রদর্শনের মাধ্যমে দেখানো হয় প্রতিযোগিতার বিস্তারিত নিয়ম-কানুন। প্রতিবেদনটি দেখান অনুষ্ঠানটির কো-অর্ডিনেটর নন্দিতা হৃদি।

সংবাদ সম্মেলনে ছিলেন জয়েন্ট কনভেনর নেপালের আর সি কৈরালা, ভারতের দ্বিপান্নিতা দাস, শ্রীলঙ্কার রেক্স ফারনান্দো, পাকিস্তানের ইসরাত ফাতিমা। আরও উপস্থিত ছিলেন এই প্রতিযোগিতার চিফ কো-অর্ডিনেটর সাজেদুর রহমান মুনিম, চিত্রনায়ক ফেরদৌস প্রমুখ।

প্রতিযোগিতার হেড অব মিডিয়া কমিউনিকেশনের দায়িত্ব পালন করছেন আফরিদ হাসান।

সংবাদ সম্মেলনে জানানো হয়, ডিসেম্বর মাসেই অংশগ্রহণকারী দেশগুলোতে শুরু হবে ‘কুইন অব সাউথ এশিয়া’র প্রাথমিক বাছাই পর্ব। নেপালে অনুষ্ঠিত হবে প্রতিযোগিতার ফাইনাল পর্ব। প্রতিটি দেশের নির্বাচিত প্রথম আট প্রতিযোগী নেপালে গ্রান্ড ফিনালেতে অংশগ্রহণ করবেন।

১২ মার্চ ২০১৮ নেপালের রাজধানী কাঠমান্ডুতে ৫ দেশের মোট ৪০ জন প্রতিযোগী থেকে নির্বাচিত হবে কুইন অব সাউথ এশিয়া।

প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে প্রতিযোগীদের প্রাথমিক যোগ্যতাগুলো হলো— তাদের অবশ্যই বাংলাদেশ, শ্রীলঙ্কা, পাকিস্তান, ভারত ও নেপালের নাগরিক হতে হবে। বয়স হতে হবে ১৬ থেকে ২৮-এর মধ্যে। উচ্চতা থাকতে হবে সর্বনিম্ন ৫ ফিট ২ ইঞ্চি এবং শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে সর্বনিম্ন এসএসসি বা ও লেভেল।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.