পানি সামান্য কমলেও ধরলা ও ব্রহ্মপুত্রের পানি বিপৎসীমার উপর দিয়ে প্রবাহিত হওয়ায় কুড়িগ্রামের সার্বিক বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। পানি উন্নয়ন বোর্ড জানায়, গত ২৪ ঘন্টায় ব্রহ্মপুত্রের পানি চিলমারী পয়েন্টে ২ সেন্টিমিটার কমে বিপৎসীমার ৩৫ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। কুড়িগ্রাম সেতু পয়েণ্টে ধরলা নদীর পানি বিপৎসীমার ১৭ সেন্টিমিটার কমলেও এখনও বিপৎসীমার ১ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
এদিকে চলতি বন্যায় ৪২টি ইউনিয়নের সাড়ে ৫০০ গ্রাম প্লাবিত হয়েছে। গত ২৪ ঘণ্টায় ব্রহ্মপুত্র অববাহিকার আরো নতুন নতুন এলাকা প্লাবিত হয়েছে। অন্তত ৮টি গ্রাম নতুন করে প্লাবিত হয়েছে।
জেলা প্রশাসন জানিয়েছে, বন্যায় ৪ হাজার পরিবার নদী ভাঙনের শিকার হয়েছে। বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে ৩৮ হাজার পরিবারের ১ লাখ ৮০ হাজার মানুষ। ৪ হাজার হেক্টর জমির ফসল নিমজ্জিত হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে ২১ হাজার কৃষক। ১২৯টি প্রাথমিক বিদ্যালয়ের পাঠদান বন্ধ ঘোষণা করা হয়েছে।
অপরদিকে ঘরে ঘরে বিরাজ করছে শুকনা ও শিশু খাবারের সংকট। সরকারিভাবে ত্রাণ অপ্রতুল হওয়ায় সবার ভাগ্যে জোটেনি এখনও। এসব দুর্গত মানুষের পাশে এখন পর্যন্ত দাড়ায়নি কোনো এনজিও। ফলে বন্যা দুর্গত মানুষরা এখন চরম সংকটে।
জেলা ত্রাণ ও পূণর্বাসন কার্যালয় সুত্রে জানা যায়, এ পর্যন্ত ৩ শত মেট্রিক টন জিআর চাল, ৮ লক্ষ ২৫ হাজার নগদ টাকা ও ২ হাজার প্যাকেট শুকনো খাবার ৯ উপজেলায় বরাদ্দ দেওয়া হয়েছে।
এ ছাড়াও কুড়িগ্রামের চিলমারীতে শত কোটি টাকা ব্যয়ে ব্রহ্মপুত্র নদের ডান তীর রক্ষা প্রকল্পের ৫০ মিটার এলাকা ধসে গিয়ে পানি লোকালয়ে পানি ঢুকে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে।
গতকাল বৃহষ্পতিবার রাতে কুড়িগ্রামের জেলা প্রশাসক আবু ছালেহ মোহাম্মদ ফেরদৌস খান এক সংবাদ সন্মেলনে জানিয়েছেন, বন্যা মোকাবেলার সকল প্রস্তুতি রয়েছে। বন্যার্তদের জন্য ত্রাণের কোন অভাব হবে না। সংগ্রহ: কালেরকন্ঠ।