
যুক্তরাষ্ট্রের সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। গত দুই দশকের মধ্যে এটাই সবচেয়ে বড় ভূমিকম্প বলে জানিয়েছে কর্তৃপক্ষ। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৬ দশমিক ৪।
বিবিসি এক প্রতিবেদনে জানায়, ভূমিকম্পের কেন্দ্রটি ছিল লস এঞ্জেলেস থেকে ২৪০ কিলোমিটার উত্তর-পূর্বাঞ্চলে রিডগেক্রেস্ট এলাকায়। এই ভূমিকম্পে বেশকিছু ক্ষয়ক্ষতি হয়েছে এবং ঘটেছে আগুন লাগার ঘটনাও।
ভূমিকম্পের কারণে অগ্নিকাণ্ডের ঘটনাও ঘটেছে। পাশাপাশি কিছু কিছু ভবন ও রাস্তায় ফাটল ধরেছে। বিদ্যুৎ লাইন বিচ্ছিন্ন হয়ে গেছে। এছাড়া লস অ্যাঞ্জেলেস বিমানবন্দরে ভূমিকম্প অনুভূত হলেও রানওয়ের কোনো অসুবিধা না হওয়ায় স্বাভাবিক রয়েছে বিমান চলাচল। দমকলকর্মীরা পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছেন।
ফায়ার সার্ভিস জানিয়েছে, শহরজুড়ে আগুন নেভাতে কাজ করছে তারা। একইসঙ্গে স্বাস্থ্যসেবা দিচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, রিডগেক্রেস্ট এলাকায় অনেক বেশি ক্ষয়ক্ষতি হয়েছে। জনবসতি থেকে দূরে ভূমিকম্পটি হওয়ায় খুব বড় বিপর্যয় ঘটেনি।