খাগড়াছড়ির রামগড়ে চাঁন্দেরগাড়ি (জিপ) উল্টে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও সাতজন আহত হয়েছেন। নিহত ম্রাইনামা মারমা (৩৭) উপজেলার পাগলাপাড়ার লাব্রেচাই মারমার স্ত্রী। মঙ্গলবার সকাল ৭টার দিকে রামগড়ের পাতাছড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, রামগড়ের পাতাছড়ার পাগলাপাড়া থেকে গুইমারা বাজারে আসার পথে পাহাড়ে উঠতে গিয়ে জিপ গাড়িটি উল্টে গিয়ে পেছনের দিকে গিয়ে পাশের খাদে পড়ে যায়। এ সময় দ্রুত গাড়ি থেকে নামতে গিয়ে গাড়ির চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় ম্রাইনামা মারমার।
রামগড় থানার ওসি মো. শফিকুল ইসলাম বলেন, দুর্ঘটনার পর পরই স্থানীয়দের সহযোগিতায় নাকাপা পুলিশ ফাঁড়ির সদস্য এবং পাতাছড়া আনসার ক্যাম্পের সদস্যরা আহতদের উদ্ধার করে। উদ্ধারের পর তাদের রামগড় উপজেলা স্বাস্থ্যে কমপ্লেক্সে ভর্তি করা হয়।