Saturday, September 26

নাশকতার মামলা
খালেদাসহ ৩৮ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন ৩ জুন

0

বিশেষ ক্ষমতা আইনে দায়ের করা নাশকতার মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াসহ ৩৮ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানির জন্য আগামী ৩ জুন দিন ধার্য করেছেন আদালত। আজ রোববার রাজধানীর বকশীবাজারের আলিয়া মাদরাসা মাঠে স্থাপিত অস্থায়ী ৬নং বিশেষ ট্রাইব্যুনানের বিচারক নুরুল আমিন বিপ্লব এ দিন ধার্য করেন।

আজ মামলার অভিযোগ গঠন শুনানির দিন ধার্য ছিল। তবে আসামিপক্ষের আইনজীবীরা তা পেছানোর জন্য আবেদন করেন। পরে বিচারক অভিযোগ গঠন শুনানি পিছিয়ে দেন।

মামলার অভিযোগ থেকে জানা যায়, ২০১৫ সালের ২৩ জানুয়ারি রাতে যাত্রাবাড়ীর কাঠেরপুল এলাকায় গ্লোরী পরিবহনের একটি বাসে পেট্রলবোমা ছোড়া হয়। এতে বাসের ২৯ যাত্রী দগ্ধ হন। পরে তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে ১ ফেব্রুয়ারি চিকিৎসাধীন অবস্থায় মারা যান নূর আলম (৬০) নামের এক যাত্রী।

ওই ঘটনায় ২৪ জানুয়ারি বিকালে খালেদা জিয়াকে হুকুমের আসামি করে যাত্রাবাড়ী থানায় মামলা করেন উপ-পরিদর্শক (এসআই) কে এম নুরুজ্জামান। ২০১৫ সালের ৬ মে মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) উপ-পরিদর্শক (এসআই) বশির উদ্দিন ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে বিশেষ ক্ষমতা আইনে বিএনপি চেয়ারপারসনসহ ৩৮ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন। মামলায় সাক্ষী করা হয় ৮১ জনকে।

মামলার উল্লেখযোগ্য আসামিরা হলেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ার (প্রয়াত), ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, খন্দকার মাহবুব হোসেন, শওকত মাহমুদ, চেয়ারপারসনের উপদেষ্টা আমানউল্লাহ আমান, সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম-মহাসচিব হাবিব-উন-নবী খান সোহেল,বিএনপি চেয়ারপারসনের প্রেস সচিব মারুফ কামাল খান সোহেল ও চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.