খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসার সুযোগ দিতে হাইকোর্টে রিট

0

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে বিদেশে উন্নত চিকিৎসার সুযোগ দেওয়ার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে।সোমবার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় সুপ্রিম কোর্টের আইনজীবী ইউনুছ আলী আকন্দের পক্ষ থেকে এ রিট আবেদন করা হয়।

বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানের হাইকোর্ট বেঞ্চে রিট আবেদনটি শুনানির জন্য উপস্থাপন করা হবে বলে জানান ইউনুছ আলী আকন্দ। রিটে সংবিধান, ফৌজদারি কার্যবিধি ও জাতিসংঘ ঘোষিত আন্তর্জাতিক মানবাধিকার সনদ অনুযায়ী, খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার ব্যবস্থা করতে বলা হয়েছে।

রিট প্রসঙ্গে আইনজীবী ইউনুছ আলী আকন্দ বলেন, ‘আমি নিজের দায়িত্ব থেকে একজন অসুস্থ মানুষের মানবাধিকার রক্ষার জন্য এ রিট দায়ের করেছি। কারও প্ররোচনায় বা কারও স্বার্থে এ রিট দায়ের করিনি।’

উল্লেখ্য, গত ১৩ নভেম্বর থেকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সিসিইউতে চিকিৎসাধীন রয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। বিএনপি ও তার পরিবারের পক্ষ থেকে বারবার খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশ নেওয়ার অনুমতি চেয়ে সরকারের কাছে আবেদন ও আহ্বান জানানো হয়েছে। এখন পর্যন্ত এ বিষয়ে সরকারের পক্ষ থেকে কোনো সাড়া মেলেনি।

এর আগে গত ১২ অক্টোবর খালেদা জিয়াকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছিল। টানা ২৬ দিন চিকিৎসা শেষে ৭ নভেম্বর সন্ধ্যায় বাসায় ফেরেন তিনি। করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এ বছরের ২৭ এপ্রিল রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন খালেদা জিয়া। তখন ৫৪ দিন হাসপাতালে থাকতে হয় তাকে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.