Wednesday, September 23

খালেদা জিয়ার আবেদনের আপিল গ্রহণ,জামিন শুনানি রবিবার

0

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় কারাবন্দী বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সাজার রায়ের বিরুদ্ধে করা আপিল গ্রহণ করেছেন আদালত। অপরদিকে খালেদা জিয়ার জামিন আবেদনের শুনানি আগামী রোববার পর্যন্ত মুলতবি করেছেন হাইকোর্ট।
বৃহস্পতিবার বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি সহিদুল করিমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
আগামী ১৫ দিনের মধ্যে মামলার সব নথি পাঠাতে বিচারক আদালতকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
এদিন সকাল ৯টা ২০ মিনিটে রাষ্ট্রপক্ষ ও ৯টা ৩১ মিনিটে দুদককে এ অনুলিপি সরবরাহ করা হয়।
সকাল সাড়ে ১০টার দিকে খালেদা জিয়ার আইনজীবীরা আপিল গ্রহণের জন্য আবেদন জানালে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম প্রস্তুতির জন্য দুই ঘণ্টা সময় চান। আদালত তখন দুপুর ১২টায় শুনানি শুরুর আদেশ দেন।
আদালতে উপস্থিত ছিলেন খালেদা জিয়ার প্যানেল আইনজীবী ব্যারিস্টার মওদুদ আহমদ, আবদুর রেজাক খান, খন্দকার মাহবুব হোসেনসহ আরও অনেকে।
মূল রায়সহ ১২২৩ পৃষ্ঠার আপিল আবেদনে ৪৪টি যুক্তি দেখিয়ে খালেদা জিয়ার খালাস চাওয়া হয়েছে। আর ৮৮০ পৃষ্ঠার জামিন আবেদনের মধ্যে ৪৮ পৃষ্ঠাজুড়ে ৩১টি যুক্তিতে খালেদা জিয়ার জামিন চাওয়া হয়েছে।
উল্লেখ্য, ঢাকার পঞ্চম বিশেষ জজ আখতারুজ্জামান গেলো ৮ ফেব্রুয়ারি এ মামলার রায়ে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে পাঁচ বছরের কারাদণ্ড দেন। সেই সঙ্গে খালেদা জিয়ার ছেলে তারেক রহমানসহ অপর পাঁচ আসামির প্রত্যেককে ১০ বছরের জেল ও জরিমানা করা হয়েছে রায়ে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.