খালেদা জিয়ার মুক্তি দাবিতে বিএনপির অনশন চলছে

0

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে অনশন করছেন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

 আজ বুধবার সকাল ১০টার আগে থেকেই এ প্রতীকী অনশনে যোগ দিতে প্রেসক্লাবের সামনে জড়ো হতে থাকেন বিএনপি ও ২০ দলীয় জোটের নেতাকর্মীরা। কর্মসূচি চলবে বিকেল ৪টা পর্যন্ত।

অনশনে অংশ নিতে সকাল ৯টা থেকেই নেতাকর্মীরা দলে দলে প্রেসক্লাবের সামনে জড়ো হতে থাকেন। তারা খালেদা জিয়ার মুক্তির দাবিতে স্লোগান দেন।

এদিকে বিএনপির এই অনশনকে ঘিরে যাতে কোনো বিশৃঙ্খলা না হয়, সে জন্য সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। প্রেসক্লাব ও আশপাশের এলাকায় রয়েছে অন্যদিনের তুলনায় অতিরিক্ত পুলিশ। এ ছাড়া আছে সাদা পোশাকে বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা।

এরই মধ্যে অনশনে উপস্থিত হয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ, মির্জা আব্বাস, আমীর খসরু মাহমুদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান চৌধুরী কামাল ইবনে ইউসুফ, নিতাই রায় চৌধুরী, ডা. এ জেড এম জাহিদ হোসেন, ২০ দলের শরিক লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান, লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) যুগ্ম সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন সেলিম, জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সাধারণ সম্পাদক খন্দকার লুৎফর রহমান, ইসলামী ঐক্যজোটের মহাসচিব আবদুল করিম, ন্যাপ-ভাসানীর মহাসচিব গোলাম মোস্তফা, বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, মোয়াজ্জেম হোসেন আলাল, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন প্রমুখ।

পরে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ ও আমি খসরু মাহমুদ চৌধুরীসহ সিনিয়র নেতাদের নেতৃত্বে অনশন শুরু হয়।

গত বৃহস্পতিবার জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়াকে পাঁচ বছরের কারাদণ্ড দেন বকশীবাজারের বিশেষ আদালত। এর পর তাকে আদালতের পাশে নাজিমউদ্দিন রোডের পুরাতন কারাগারে নিয়ে যাওয়া হয়।

এদিকে আদালত থেকে ফিরে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে পৌঁছে এ রায়ের প্রতিবাদে শুক্র ও শনিবার বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এর পর শনিবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী তিন দিনের কর্মসূচি ঘোষণা করেন। এর মধ্যে সোমবার সারা দেশে মানববন্ধন ও মঙ্গলবার অবস্থান কর্মসূচি পালিত হয়।

এর পর আজ বুধবার সকাল থেকে ঢাকাসহ সারা দেশের জেলা-মহানগর ও থানা-উপজেলায় অনশন কর্মসূচি চলছে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.