জঙ্গি আস্তানার সন্ধানে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার দুর্গম চরাঞ্চলে ব্লক রেইড পরিচালনা করছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। অভিযানের চতুর্থ দিনে ছয়জনকে গ্রেপ্তার করেছে তারা।
অভিযানে গ্রেপ্তারকৃত ছয় ব্যক্তির মধ্যে বিভিন্ন মামলার সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্ত আসামি রয়েছেন বলে জানিয়েছে পুলিশ।
গতকাল শনিবার রাত ৩টা থেকে রবিবার সকাল পৌনে ৯টা পর্যন্ত অভিযান চলে।
গাইবান্ধার সহকারী পুলিশ সুপার (হেডকোয়ার্টার) মো. আসাদুজ্জামান রিংকু বিষয়টি নিশ্চিত করেছেন।
কাউন্টার টেররিজম ইউনিট, জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি), জেলা পুলিশ ও সুন্দরগঞ্জ থানা-পুলিশের প্রায় ৬০ জন সদস্য এই অভিযানে অংশ নিয়েছেন।
পুলিশ জানায়, গ্রেপ্তার ছয় ব্যক্তির মধ্যে বিভিন্ন মামলার সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্ত আসামি আছেন। আছেন জুয়াড়ি।
সূত্র জানায়, সুন্দরগঞ্জ উপজেলার তারাপুর, বেলকা ও হরিপুর ইউনিয়নের চরগুলোতে অভিযান চালানো হচ্ছে। অভিযানে নেতৃত্ব দিচ্ছেন গাইবান্ধার অতিরিক্ত পুলিশ সুপার মো. আব্দুল্লাহ আল ফারুক।