চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে চকরিয়ার আজিজ নগরে দুই মাইক্রোবাসের সাথে বাসের মুখোমুখি সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন কমপক্ষে ১২ জন। আজ শনিবার ভোর ৬টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে হারবাংয়ের গয়ালমারা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
চকরিয়া থানার ওসি বখতিয়ার উদ্দিন চৌধুরী জানান, সকালে চট্টগ্রামগামী দু’টি মাইক্রোবাস ওভারটেক করার সময় বিপরীত দিক থেকে আসা বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মাইক্রোবাসের ৩ আরোহী নিহত হন। পরে আহতদের উদ্ধার করে লোহাগাড়া ও চকরিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। হতাহতদের পরিচয় এখনো জানা যায়নি বরেও জানান তিনি।
বানিয়াছড়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির আইজি নূর-এ-আলম জানান, ভোর ৬টার দিকে হারবাংয়ের গয়ালমারা এলাকায় চট্টগ্রাম ও কক্সবাজারমুখী দুই মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় ঘটনাস্থলে চট্টগ্রাম থেকে কক্সবাজারমুখী শ্যামলী পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই তিন মাইক্রোবাস যাত্রীর মৃত্যু হয় এবং আহতদের চকরিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
দুর্ঘটনা কবলিত মাইক্রোবাস দুটি জব্দ করা হয়েছে বলে জানান আইজি নূর-এ-আলম।