চলতি মাসের মাঝামাঝি থেকে পুরোদমে মাধ্যমিকের ক্লাস : শিক্ষামন্ত্রী

0

চলতি মাসের মাঝামাঝি থেকে মাধ্যমিক পর্যায়ে পুরোদমে ক্লাস শুরু হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। ক্লাস শুরুর পর অ্যাসাইনমেন্ট প্রক্রিয়া বন্ধ রাখা হতে পারে বলে জানান তিনি।

আজ শুক্রবার (৪ মার্চ) রাজধানীতে ‘স্টাডি ইন ইন্ডিয়া- এডুকেশন ফেয়ার ২০২২’ এর উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানান তিনি।

শিক্ষামন্ত্রী বলেন, আমরা আশা করছি চলতি মাসের মাঝামাঝি সময়ে মাধ্যমিকে সশরীরে পুরোদমে ক্লাস শুরু করতে পারব। যারা ক্লাসে আসতে পারছে না, প্রয়োজন হলে সে সব শিক্ষার্থীদের জন্য অ্যাসাইনমেন্ট দেব। সরকার সম্মিলিত শিক্ষাব্যবস্থা নিয়ে একটি জাতীয় নীতিমালা তৈরি করছে বলেও জানান তিনি।

মেডিকেলের ভর্তি পরীক্ষার বিষয়ে মন্ত্রী বলেন- যে পুনর্বিন্যাসকৃত সিলেবাসে শিক্ষার্থীরা এইচএসসি ও সমমানের পরীক্ষা দিয়েছে, বিশ্ববিদ্যালয় ও মেডিকেল পরীক্ষাও ওই পুনর্বিন্যাসকৃত সিলেবাসে হওয়া উচিত।

‘আমি বিএমডিসির প্রধান ও স্বাস্থ্য শিক্ষা সচিবের সঙ্গে এ বিষয়ে কথা বলেছি। তারা আমাকে বিষয়টি ভেবে দেখবেন বলে জানিয়েছেন।’ প্রয়োজনে আবারও তাদের সঙ্গে কথা বলবেন বলে জানান মন্ত্রী।

উল্লেখ্য, কোভিড মহামারির কারণে ২০২০ সালের ১৭ মার্চ থেকে সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হয়। পরিস্থিতির উন্নতি হলে ২০২১ সালের ১২ সেপ্টেম্বর প্রাথমিক থেকে শুরু করে উচ্চশিক্ষা স্তরের প্রতিষ্ঠান খুলে দেওয়া হয়। তবে বন্ধ থাকে প্রাক-প্রাথমিক স্তর।

এরপর, চলতি বছরের শুরুতে সংক্রমণ আবারও বেড়ে গেলে ২১ জানুয়ারি থেকে সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হয়। এক মাস পর (২২ ফেব্রুয়ারি) প্রাথমিক, মাধ্যমিক, উচ্চমাধ্যমিক এবং উচ্চশিক্ষা স্তরের শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া হয়েছে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.