চলন্ত ট্রেনে বিস্ফোরণ, আহত ৩

0

ভারতের আসাম রাজ্যে একটি চলন্ত যাত্রীবাহী ট্রেনে বিস্ফোরণের ঘটনায় অন্তত তিনজন আহত হয়েছেন। কর্মকর্তারা জানিয়েছেন, আসামের হরিসিঙ্গা স্টেশনে শনিবার সন্ধ্যায় ওই ঘটনা ঘটেছে। খবর এনডিটিভির।

একজন সিনিয়র রেলওয়ে কর্মকর্তা বলেছেন, রাঙ্গিয়া থেকে প্রায় ৫০ কিলোমিটার দূরে হরিসিঙ্গার কাছে কামাখ্যা-দেকারগাঁও আন্তঃনগর একপ্রেসের জেনারেল সেকেন্ড ক্লাস কোচে প্রায় ৬টা ৫০ মিনিটের দিকে নিম্নমাত্রার ওই বিস্ফোরণ ঘটে। তিনি বলেন, রাঙ্গিয়া বিভাগের নর্থইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ে (এনএফআর)-র হরিসিঙ্গা-তাঙ্গলা স্টেশনের মাঝে এই বিস্ফোরণ ঘটে।
ওই কর্মকর্তা বলেন, ওই বিস্ফোরণের পর কোচের একটি অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে ওই স্টেশনে দুটি লাইন থাকায় ওই রুটে ট্রেন চলাচলে কোনও সমস্যা হয়নি।
রেলের ওই কর্মকর্তা আরও বলেন, আহতদের মধ্যে একজন নারী ও একজন শিশুও রয়েছেন। তিনি বলেন, বিস্ফোরণে একজন যাত্রী মাথায় আঘাত পেয়েছেন, আর অপর দুজনের আঘাত সামান্য।

আহতদের হরিসিঙ্গা হাসপাতালে নিয়ে যাওয়া হয়, সেখানে প্রাথমিক চিকিৎসার পর তাদের ছেড়ে দেয়া হয়।
তবে ওই বিস্ফোরণের ঘটনায় কেউ নিহত হওয়ার খবর পাওয়া যায়নি বলে জানিয়েছে ভারতীয় কর্মকর্তারা। এনএফআর-র একজন কর্মকর্তা বলেন, ওই ট্রেনটি আপাতত হরিসিঙ্গা স্টেশনে এনে রাখা হয়েছে।
গত দুই সপ্তাহের মধ্যে এটি আসামে দ্বিতীয় ট্রেন দুর্ঘটনা। এর আগে গত ২১ নভেম্বর গুয়াহাটি-লেদো আন্তঃনগর এক্সপ্রেস একটি হাতিকে ধাক্কা দেয়ার পর লাইনচ্যুত হয়েছিল।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.