চীনে বাস দুর্ঘটনায় নিহত ৩৬, আহত ১৩

0

চীনের উত্তর-পশ্চিমাঞ্চলীয় শানজি প্রদেশে এক্সপ্রেসওয়ের দেয়ালের সঙ্গে একটি বাসের সংঘর্ষে অন্তত ৩৬ জন নিহত এবং ১৩ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটে বলে শুক্রবার সকালে কর্তৃপক্ষের বরাতে জানায় রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া।

শানজির নিরাপত্তা বিষয়ক প্রশাসন জানায়, স্থানীয় সময় বৃহস্পতিবার রাত ১১টা ৩৪ মিনিটে আনকাং শহরে ৪৯ জন যাত্রীবাহী কোচটি দুর্ঘটনার মুখে পড়ে। এটি বেইজিং-কুনমিং মহাসড়কের জিয়ান-হানঝং সেকশনের এক নম্বর কিনলিং ট্যানেলের মুখে দেয়ালে ধাক্কা দেয়। বাসটি দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শিচুয়ান প্রদেশের রাজধানী শেংডু থেকে মধ্যচীনা প্রদেশ হেনানের লুওয়াং শহরে যাচ্ছিল।

লুওয়াং ট্রান্সপোর্টেশন গ্রুপ কোম্পানি লিমিটেড পরিচালিত ওই বাসটিতে ৫১ জন যাত্রী পরিবহনের ব্যবস্থা ছিল।দুর্ঘটনার পরপর আহতদের দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

ঘটনাস্থল থেকে সিনহুয়াকে পাঠানো একটি ছবিতে দেখা গেছে, দুর্ঘটনা কবলিত বাসটির দুমড়েমুচড়ে যাওয়া সামনের অংশ পরীক্ষা করছেন উদ্ধারকর্মীরা।

অন্য একটি ছবিতে দেখা গেছে, ট্যানেলটির মুখে হলুদ সতর্ক বার্তা টানানো রয়েছে, যাতে দুর্ঘটনার আশঙ্কার কথা জানিয়ে সতর্কভাবে গাড়ি চালানোর পরামর্শ বলা ছিল।

শিচুয়ানের প্রাদেশিক নিরাপত্তা বিভাগ এবং জননিরাপত্তা মন্ত্রণালয় ওই দুর্ঘটনার বিষয়ে এরইমধ্যে ঘটনাস্থলে তদন্ত দল পাঠিয়েছে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.