২০৩০ সালের মধ্যে ছয়টি মেট্রোরেলের কাজ শেষ হবে বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আজ বুধবার বেলা ১১টার দিকে রাজধানীর দিয়াবাড়িতে মেট্রোরেল উত্তরা ডিপোতে দেশের প্রথম মেট্রোরেল লাইনের ওভারহেড ক্যাটেনারি সিস্টেম ও রেললাইন স্থাপন কাজের আনুষ্ঠানিক উদ্বোধন শেষে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। এ সময় সেতু সচিব নজরুল ইসলাম, বিআরটিএ চেয়ারম্যান মতিয়ার রহমানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, ২০৩০ সালের মধ্যে ছয়টি মেট্রোরেল প্রকল্পের কাজ শেষ হবে। এসব এমআরটি লাইন চালু হলে ঢাকা শহরে অনিন্দ্য সুন্দর দৃশ্যপট তৈরি হবে।
ওবায়দুল কাদের বলেন, ২০২১ সালে বিজয়ের মাসে উত্তরা থেকে কমলাপুর পর্যন্ত এমআরটি লাইন-৬ উদ্বোধন করা হবে। অন্যান্য এমআরটির কাজ সম্পর্কে তিনি বলেন, খুব শিগগিরই এমআরটি লাইন-১ ও ৫ এর কাজ শুরু হবে। সঙ্গে থাকবে পাতালরেল সাড়ে ১৩ কিলোমিটার। ইতোমধ্যে ডিপিপি অনুমোদন হয়েছে।
ওবায়দুল কাদের বলেন, মেট্রোরেল প্রকল্প এলাকায় যে বিশাল কর্মযজ্ঞ চলছে, বাইরে থেকে দেখে তা বোঝার উপায় নেই। অথচ তিন বছর আগেও এখানে বিরানভূমি ছিল।