ছয় সপ্তাহ ধরে বাইসাইকেল চালিয়ে সৌদি আরব পৌঁছেছেন ব্রিটেনের ৯ হজযাত্রী । লন্ডন থেকে যাত্রা শুরু করে ফ্রান্স, সুইজারল্যান্ড, ইতালি, গ্রিস, মিসর হয়ে সৌদি আরব পৌঁছতে তারা পাড়ি দিয়েছেন তিন হাজার কিলোমিটার পথ।
ব্রিটিশ রাইডারদের এই বাইক চালানোর উদ্দেশ্য হচ্ছে ইসলামের শান্তি ও সহনশীলতার বাণী পৌঁছে দেয়া। যেসব দেশ দিয়ে তারা গিয়েছেন সেখানে এ বার্তাই পৌঁছে দেয়ার চেষ্টা করেছেন তারা।
ব্রিটিশ ওই ৯ মুসলিম তাদের দীর্ঘ হজযাত্রার নাম দিয়েছেন ‘দ্য হজ রাইড’। এ ছাড়া এ হজ রাইডের সময় তারা কিছু অর্থও সংগ্রহ করেন। পথে বিভিন্নজনের সহায়তায় তারা ১০ লাখ ব্রিটিশ পাউন্ড সংগ্রহের টার্গেট নেন। এ অর্থ ব্যবহার করা হবে সিরিয়ার শরণার্থীদের জন্য। আবদুল ওয়াহিদ নামে এক নওমুসলিম এই হজ রাইডের আইডিয়া দেন। তিনি ১১ বছর আগে ইসলাম গ্রহণ করেন।