জাপানের একটি বৃহৎ ডিজিটাল মুদ্রা বিনিময়ের প্রতিষ্ঠানের নেটওয়ার্ক হ্যাকিং করে প্রায় ৫৩.৪ কোটি ডলার (৪৪৪৬ কোটি টাকা) হাতিয়ে নিয়েছে হ্যাকাররা। হামলার জেরে কয়েনচেক নামে ওই প্রতিষ্ঠানটি বিটকয়েন ব্যতীত অন্য সব ধরণের ডিজিটাল মুদ্রার আমানত গ্রহণ ও উত্তোলন স্থগিত রেখেছে। তবে সবচেয়ে বহুল পরিচিত ডিজিটাল মুদ্রা বিটকয়েন নয়, এনইএম নামে স্বল্প পরিচিত মুদ্রাই খুইয়েছে কয়েনচেক। পুরো বিষয়টি নিশ্চিতভাবে প্রমাণিত হলে, এটি হবে ইতিহাসের সবচেয়ে বড় ডিজিটাল মুদ্রা চুরির ঘটনা। এ খবর দিয়েছে বিবিসি।
খবরে বলা হয়, এর আগে ২০১৪ সালে টোকিও-ভিত্তিক আরেকটি মুদ্রা বিনিময়কারী প্রতিষ্ঠান এমটিগক্স স্বীকার করেছিল যে, তাদের নেটওয়ার্ক থেকে ৪০ কোটি ডলার সমমানের মুদ্রা হাতিয়ে নিয়েছে হ্যাকাররা।