Monday, September 28

জিপিএ-৫ এ ঢাকা বোর্ড শীর্ষে

0

চলতি বছরের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় আটটি সাধারণ শিক্ষা বোর্ডের মধ্যে পাসের হারে শীর্ষে রয়েছে সিলেট বোর্ড। এই বোর্ডে পাসের হার ৭২ শতাংশ।

অন্যদিকে গ্রেড পয়েন্ট অ্যাভারেজ (জিপিএ)-৫ প্রাপ্তির দিক থেকেও অন্য বছরের মতো চলতি বছরও সেরা ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড। এই বোর্ডে ১৮ হাজার ৯৩০ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে।

আজ প্রকাশিত ফলাফলের পরিসংখ্যান থেকে এতথ্য জানা যায়। শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ আজ দুপুরে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে ফলাফল প্রকাশ করেন।

নুরুল ইসলাম নাহিদ জানান, এবার আট বোর্ডে এইচএসসিতে পাসের হার ৬৬ দশমিক ৮৪ শতাংশ। দশ বোর্ডে গড় পাসের হার ৬৮ দশমিক ৯১ শতাংশ।

ফলাফল বিশ্লেষণে দেখা গেছে, গত বছর পাসের হারে শীর্ষে থাকা যশোর বোর্ড এবার আট বোর্ডের মধ্যে চতুর্থ অবস্থানে নেমে এসেছে। গত বছর ৮৩ দশমিক ৪২ শতাংশ পাসের হার নিয়ে আট বোর্ডে শীর্ষে ছিল যশোর বোর্ড।

প্রকাশিত ফলাফল অনুযায়ী, গত বছরের মতো এবারও সর্বনিম্ন পাশের হার কুমিল্লা বোর্ড। এখানে পাশের হার ৪৯ দশমিক ৫২ শতাংশ। গড় পাশের হারে দ্বিতীয় অবস্থানে রয়েছে রাজশাহী বোর্ড ৭১ দশমিক ৩০, তৃতীয় অবস্থানে বরিশাল বোর্ড ৭০ দশমিক ২৮, চতুর্থ যশোর বোর্ড ৭০ দশমিক ০২, ৫ম অবস্থানে ঢাকা বোর্ড ৬৯ দশমিক ৭৪, ষষ্ঠ হয়েছে দিনাজপুর বোর্ড ৬৫ দশমিক ৪৪ শতাংশ, সপ্তম অবস্থানে চট্টগ্রাম বোর্ড ৬১ দশমিক ০৯ শতাংশ।
অপরদিকে জিপিএ-৫ পেয়েছে রাজশাহী বোর্ডে ৫ হাজার ২৯৪, দিনাজপুর বোর্ডে ২ হাজার ৯৮৭, যশোর বোর্ডে ২ হাজার ৪৪৭, চট্টগ্রাম বোর্ডে এক হাজার ৩৯১, কুমিল্লা বোর্ডে ৬৭৮, বরিশাল বোর্ডে ৮১৫ ও সিলেট বোর্ডে ৭০০ জন জিপিএ-৫ পেয়েছে।

ঢাকা বোর্ডের অধীনে ডিআইবিএসে (ডিপ্লোমা ইন বিজনেস স্টাডিজ) ২৪৩ জন জিপিএ-৫ পেয়েছে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.