৮ ফেব্রুয়ারি। আর মাত্র একদিন। এদিন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াসহ ছয়জনের বিরুদ্ধে করা জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার রায় ঘোষণা করার দিন ধার্য রয়েছে।
এদিনকে ঘিরে দেশের সব জায়গা চলছে আলাপ-আলোচনা। সবার মুখে মুখে এখন ৮ ফেব্রুয়ারি। কী হবে এদিন।খালেদা জিয়া কি খালাস পাবেন নাকি দোষী সাব্যস্ত হবেন।
দোষী সাব্যস্ত হলে কী হবে তার। আর কিবা হবে দলটির। দেশেরই বা কী হাল অবস্থা হবে। জল্পনা-কল্পনা আর আলাপ আলোচনার যেন শেষ নেই কোথাও। আর মাত্র একদিন পরই ঘটবে সবার জল্পনা-কল্পনার অবসান। রায় ঘোষণা হলেই জানা যাবে খালেদা জিয়া দোষী না নির্দোষ।
জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার রায় ঘিরে আজ বুধবার সংবাদ সম্মেলনের পরই জাতীয় স্থায়ী কমিটির জরুরি বৈঠক ডেকেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।
আজ বিকাল ৫টায় চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে এ সংবাদ সম্মেলন হবে বলে জানা গিয়েছে।
এর পরই জাতীয় স্থায়ী কমিটির জরুরি বৈঠক ডেকেছেন খালেদা জিয়া। গুলশান কার্যালয়ে অনুষ্ঠিত ওই বৈঠকে গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হতে পারে। রায় নেতিবাচক হলে তার অনুপস্থিতিতে দল কীভাবে চলবে সে ব্যাপারে দিকনির্দেশনা দিতে পারেন তিনি।
৮ ফেব্রুয়ারি বৃহস্পতিবার খালেদা জিয়ার বিরুদ্ধে জিয়া অরফানেজ দুর্নীতি মামলার রায় ঘোষণা করা হবে। রায়ের আগের দিন নেতাকর্মী ও দেশবাসীর উদ্দেশে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখতে পারেন খালেদা জিয়া।