জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলার পরবর্তী শুনানি ২৫ ফেব্রুয়ারি

0

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপস্থিতিতে জিয়া চ্যারিটেবল মামলায় তৃতীয় দিনের মতো শুনানি শেষ হয়েছে। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে আসামিপক্ষের আইনজীবী আমিনুল ইসলাম যুক্তিতর্ক উপস্থাপন শুরু করেন। দুপুরের আগে আদালত মামলার কার্যক্রম এদিনের মতো শেষ করেন। পরে তিনি আগামী ২৫ ও ২৬ ফেব্রুয়ারি শুনানির নতুন দিন ধার্য করেন।

জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলার যুক্তিতর্ক গত মঙ্গলবার থেকে শুরু হয়েছে। রাজধানীর পুরান ঢাকার বকশীবাজারে কারা অধিদফতরের প্যারেড মাঠে স্থাপিত ৫ নম্বর বিশেষ জজ ড. আখতারুজ্জামানের আদালতে এ মামলায় যুক্তিতর্ক শুনানিতে শুরু থেকেই উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

উল্লেখ্য, জিয়া চ্যারিটেবল ট্রাস্টের নামে অবৈধভাবে তিন কোটি ১৫ লাখ ৪৩ হাজার টাকা লেনদেনের অভিযোগে ২০১০ সালের ৮ আগস্ট রাজধানীর তেজগাঁও থানায় দ্বিতীয় মামলাটিও করে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

ওই মামলার অন্য আসামিরা হলেন খালেদা জিয়ার সাবেক রাজনৈতিক সচিব হারিছ চৌধুরী, হারিছের তখনকার সহকারী একান্ত সচিব ও বিআইডব্লিউটিএর নৌ-নিরাপত্তা ও ট্রাফিক বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক জিয়াউল ইসলাম মুন্না এবং ঢাকা সিটি করপোরেশনের সাবেক মেয়র সাদেক হোসেন খোকার একান্ত সচিব মনিরুল ইসলাম খান।

এ ছাড়া আগামী ৮ ফেব্রুয়ারি খালেদা জিয়ার বিরুদ্ধে করা জিয়া অরফানেজ ট্রাস্ট মামলার রায় ঘোষণার দিন নির্ধারিত রয়েছে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.