টিকা নেওয়া পর্যটকদের জন্য সীমান্ত খুলে দিচ্ছে সৌদি আরব

0

আজ শুক্রবার সৌদি সরকার পূর্ণ ডোজ টিকা নেওয়া বিদেশি পর্যটকদের জন্য সীমান্ত খুলে দিচ্ছে । দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থার বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এই তথ্য জানিয়েছে।

আগামী ১ আগস্ট থেকে এই ঘোষণা কার্যকর হবে। করোনা মহামারির কারণে দীর্ঘ প্রায় ১৭ মাস বিদেশি পর্যটকদের জন্য সৌদির দরজা বন্ধ রয়েছে। এখন সৌদি আরব পূর্ণ ডোজ টিকা নেওয়া বিদেশি পর্যটকদের সে দেশে প্রবেশের অনুমতি দিতে যাচ্ছে।

সৌদি প্রেস এজেন্সির প্রতিবেদনে বলা হয়, বিদেশি পর্যটকদের জন্য সৌদির দরজা খুলে দেওয়ার বিষয়ে ঘোষণা দিয়েছে পর্যটন মন্ত্রণালয়। তবে যেসব বিদেশি পর্যটকদের সৌদি সরকার অনুমোদিত টিকার পূর্ণ ডোজ নেওয়া আছে, তাঁরাই কেবল দেশটিতে প্রবেশ করতে পারবেন।

সৌদি আরব ফাইজার, অ্যাস্ট্রাজেনেকা, মডার্না ও জনসন অ্যান্ড জনসনের টিকার অনুমোদন দিয়েছে। যার অর্থ হলো—এই সব টিকার পূর্ণ ডোজ নেওয়া বিদেশি পর্যটকেরা সৌদি আরব ভ্রমণ করতে পারবেন। এ ক্ষেত্রে বিদেশি পর্যটকদের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনও করতে হবে না।

প্রতিবেদনে আরও বলা হয়, পূর্ণ ডোজ টিকা নেওয়া বিদেশি পর্যটকদের সৌদি ভ্রমণের ক্ষেত্রে ৭২ ঘণ্টার মধ্যে করা করোনার পিসিআর পরীক্ষার নেগেটিভ সনদ থাকতে হবে। এ ছাড়া সৌদি আরবের স্বাস্থ্য কর্তৃপক্ষের কাছে তাঁদের বিস্তারিত তথ্য জমা দিতে হবে।

তবে ওমরাহ পালনের ক্ষেত্রে বিদেশি মুসল্লিদের ওপর থাকা নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়ে কোনো ঘোষণা দেয়নি সৌদি আরব।জ্বালানি তেলনির্ভর অর্থনীতির ওপর চাপ কমাতে সৌদি আরব পর্যটনশিল্পের ব্যাপক প্রসার ঘটাতে চাচ্ছে। ইতিমধ্যে এই খাতে প্রচুর অর্থ বিনিয়োগ করেছে রিয়াদ।

২০১৯ সাল থেকে সৌদি আরব পর্যটন ভিসা দেওয়া শুরু করে। ২০১৯ সালের সেপ্টেম্বর থেকে ২০২০ সালের মার্চ পর্যন্ত প্রায় ৪ লাখ পর্যটন ভিসা দিয়েছে সৌদি আরব।
তবে করোনা মহামারির কারণে গত বছর দেশটি তার সীমান্ত বন্ধ ঘোষণা করে। তখন থেকে থমকে আছে পর্যটন ভিসা দেওয়ার প্রক্রিয়া।

করোনা মহামারির মধ্যে টানা দ্বিতীয় বছরের মতো বাইরের দেশ থেকে সৌদি আরবে এসে মুসল্লিদের পবিত্র হজ পালন বন্ধ রেখেছে সৌদি আরব। গতবারের মতো এবারও শুধু সৌদির নাগরিক ও দেশটিতে অবস্থানরত মুসল্লিরা হজ করার সুযোগ পেয়েছেন।

এ বছর সীমিত পরিসরের এই হজ পালন করতে মুসল্লিদের কিছু শর্ত মেনে চলতে হয়। করোনার টিকার দুটি ডোজ নেওয়া ব্যক্তিরাই শুধু হজ পালনের সুযোগ পেয়েছেন। এ ছাড়া এক ডোজ নেওয়ার পর অন্তত ১৪ দিন পার করা অথবা যাঁরা করোনার সংক্রমণ থেকে সেরে ওঠার পর টিকা নিয়েছেন, তাঁরাও হজ পালনের সুযোগ পেয়েছেন।

সবশেষ তথ্য অনুযায়ী, সৌদি আরবে এখন পর্যন্ত ৫ লাখ ২৩ হাজারের বেশি মানুষের করোনা শনাক্ত হয়েছে। দেশটির সাড়ে ৩ কোটি বাসিন্দার মধ্যে টিকা পেয়েছে ২ কোটি ৬০ লাখের মতো মানুষ।করোনায় সংক্রমিত হয়ে দেশটিতে ৮ হাজার ২১৩ জন মারা গেছেন। টিকাদানের ক্ষেত্রে বেশ এগিয়ে আছে সৌদি আরব।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.