একসময় বড় পর্দায় দাপিয়ে বেড়িয়েছেন ইলিয়াস কাঞ্চন, চম্পা ও রোজিনা। ইলিয়াস কাঞ্চনের সঙ্গে চম্পা ও রোজিনা আলাদাভাবে অনেক ছবিতে অভিনয় করেছেন। তবে নব্বই দশকে তিনজন একসঙ্গে অভিনয় করেছিলেন ‘ছেলে কার’ নামে একটি চলচ্চিত্রে। এত বছর পর আবারও তিনজন একসঙ্গে অভিনয় করলেন টেলিছবি ‘ক্রাইম রোড’–এ।
গত সোমবার থেকে শুরু হয়েছে এই টেলিছবির শুটিং। ঈদ উপলক্ষে নির্মিত টেলিছবিটিতে কাজ করে দারুণ উচ্ছ্বসিত এই তিন শিল্পী। অভিনেত্রী রোজিনা বলেন, ‘আমরা কত দিন আগে একটা সিনেমায় অভিনয় করেছিলাম। তারপর আর কখনোই একসঙ্গে কাজ করা হয়নি। এত দিন পর একসঙ্গে কাজ করতে দারুণ লাগছে। মনে হচ্ছে আমরা চলচ্চিত্রেই অভিনয় করেছি।’
টেলিছবির পরিচালক তারিক মুহম্মদ জানালেন, নানা ধরনের অপরাধ হয় বলে একটা রাস্তার নাম হয়ে গেছে ‘ক্রাইম রোড’। এই রাস্তার ক্রাইম দূর করতে এগিয়ে আসেন একজন গোয়েন্দা কর্মকর্তা, পত্রিকার সাংবাদিকসহ অনেকেই। এ নিয়েই টেলিছবির গল্প।
টেলিছবিতে আরও অভিনয় করেছেন স্পর্শিয়া, আলভী প্রমুখ। আসছে ঈদুল ফিতরে একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে প্রচারিত হওয়ার কথা রয়েছে ক্রামই রোড।