মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মঙ্গলবার নতুন আফগান নীতি ঘোষণাকালে পাকিস্তানকে সন্ত্রাসবাদীদের ‘নিরাপদ স্বর্গ’ এবং ‘গণ্ডগোলের এজেন্ট’ আখ্যা দিয়ে পরিণতি সম্পর্কে হুঁশিয়ার করেছিলেন। এ বক্তব্যের কয়েক ঘণ্টা পর মঙ্গলবারই পাকিস্তানের প্রতি সমর্থন অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে চীন।
এদিন পাকিস্তানের পররাষ্ট্র সচিব তাহমিনা জানজুয়ার সঙ্গে বৈঠক কালে চীনের সমর্থনের কথা জানান দেশটির পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। চীনে অনুষ্ঠিত এ বৈঠকে ওয়াং ও তাহমিনা আফগানিস্তানে শান্তি প্রতিষ্ঠায় দুই দেশ একে অপরকে ঘনিষ্ঠভাবে সহযোগিতা করার কথা বলেন।
এ সময় তারা আফগানিস্তান-চীন-পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীদের ত্রিদেশীয় ফোরামের ওপর গুরুত্বারোপ করেন। গত জুনে চীনা পররাষ্ট্রমন্ত্রী ইসলামাবাদ সফরকালে এ ফোরাম গঠিত হয়। ত্রিদেশীয় এ ফোরামের মাধ্যমে পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যকার বিরোধ নিষ্পত্তির ব্যাপারে বেইজিংয়ের মধ্যস্থতার বিষয়কে স্থায়ীত্ব দেয়া হয়েছে।
বৈঠককালে ওয়াং ও তাহমিনা চীন-পাকিস্তানের দ্বিপক্ষীয় সম্পর্ক, আঞ্চলিক ও বৈশ্বিক ইস্যু এবং ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয়।
এদিকে এই দুই কর্মকর্তার বৈঠকের আগে ট্রাম্পের পাকিস্তান বিরোধী বক্তব্যের নিন্দা করে মুখ খোলেন চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হুয়া চ্যুনিং। তিনি বলেন, পাকিস্তান সম্পর্কে ট্রাম্পের মন্তব্য প্রসঙ্গে জোর দিয়ে বলতে চাই, পাকিস্তান সন্ত্রাসবিরোধী লড়াইয়ে সামনের সারিতে রয়েছে, সন্ত্রাসের বিরুদ্ধে এ দেশের ‘মহান আত্মত্যাগ’ রয়েছে এবং ‘গুরুত্বপূর্ণ’ অবদান’ রেখেছে।
চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, সন্ত্রাসবাদ দমনে পাকিস্তানের প্রচেষ্টাকে যথাযথ স্বীকৃতি দেবে আন্তর্জাতিক মহল। তিনি আরও বলেন, পারস্পরিক মর্যাদার ভিত্তিতে আমেরিকা ও পাকিস্তান সন্ত্রাস দমনে পরস্পরকে সহযোগিতা করবে, আন্তর্জাতিক শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় অবদান রাখবে, এমনটা দেখতেই ভাল দেখায়।