Thursday, September 24

তিন দিনের জন্য জব্দ থাকছে রবির ব্যাংক হিসাব

0

মূল্য সংযোজন কর (মূসক) ফাঁকির অভিযোগে মোবাইল ফোন অপারেটর রবির সব ব্যাংক অ্যাকাউন্ট তিন দিনের জন্য জব্দ রাখতে হাইকোর্টের স্থগিতাদেশ স্থগিত করেছেন আপিল বিভাগ। এতে করে রবির ব্যাংক অ্যাকাউন্ট তিন দিনের জন্য জব্দে আইনি কোনো বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবীরা।

আজ বৃহস্পতিবার সকালে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন চার বিচারপতির আপিল বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) পক্ষ শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল এস এম মনিরুজ্জামান। রবির পক্ষে ছিলেন ব্যারিস্টার তানজিবুল আলম।

এর আগে গত মঙ্গলবার রবির সব ব্যাংক অ্যাকাউন্ট জব্দের বিষয়ে এনবিআরের সিদ্ধান্ত স্থগিত করে দেওয়া হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আপিলে শুনানির জন্য আজ বৃহস্পতিবার দিন ধার্য করেছিলেন চেম্বার আদালত।

রবির সব ব্যাংক অ্যাকাউন্ট জব্দের বিষয়ে এনবিআরের সিদ্ধান্ত স্থগিত করে দেওয়া হাইকোর্টের আদেশের বিরুদ্ধে এই আপিল করা হয়েছে। এনবিআরের আবেদনের পরিপ্রেক্ষিতে আপিল বিভাগের চেম্বার বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর আদালত এ দিন ধার্য করেন।

গত ২৭ ফেব্রুয়ারি মঙ্গলবার মূসক ফাঁকির অভিযোগে দেশের দ্বিতীয় বৃহত্তম মোবাইল ফোন অপারেটর রবির সব ব্যাংক অ্যাকাউন্ট জব্দে এনবিআরের সিদ্ধান্ত স্থগিত করেন হাইকোর্ট।

এর আগে সোমবার মূল্য সংযোজন কর ফাঁকির অভিযোগে দেশের দ্বিতীয় বৃহত্তম মোবাইল ফোন অপারেটর রবির সব ব্যাংক অ্যাকাউন্ট তিন দিনের জন্য জব্দ রাখতে সব ব্যাংককে চিঠি দেয় এনবিআর। প্রায় ১৯ কোটি টাকা ভ্যাট ও সম্পূরক শুল্ক ফাঁকির অভিযোগে সোমবার এনবিআরের বৃহৎ করদাতা ইউনিট (এলটিইউ) থেকে সব ব্যাংকের প্রধান নির্বাহীদের ওই চিঠি পাঠানো হয়।

পরে এই সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে রিট করে মোবাইল ফোন অপারেটর রবি। রিটের প্রাথমিক শুনানি নিয়ে আদালত উপরিউক্ত আদেশ দেন।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.