"দাবিদার" এমদাদুল হক

0

আমি দাবিদার আমার নৃশংস মৃত্যুর দাবিদার,
এখনো ভুলতে পারিনি বি.এস.এফের গুলিতে আমি
সীমান্তের কাটাতারে ঝুলে থাকা ফেলানী।
আমি তো নই কোন ঐশীর মতো খুনি
আমি তো সেই এখনো বিচার না পাওয়া দম্পতি সাংবাদিক সাগর- রুনী।
আমি সাভারের রানা প্লাজা ধসে পড়া ইট পাথরের নিচে
চাপা পরে নিভে যাওয়া প্রাণ।
আমি তো সেই ২০১২ সালে আশুলিয়া তাজরীন ফ্যাশনের
আগুনে পুড়ে যাওয়া নিরীহ শ্রমিকের ঘ্রাণ।
আমি বদরুলের চাপাতির কুপে ক্ষতবিক্ষত খাদিজা,
আমি ঢাকা বনানী রেইনট্রি হোটেলের সাম্প্রতিক
আলোচিত দুই ধর্ষিতা।

আমি তো সেই কুমিল্লা ক্যান্টনমেন্টে ধর্ষণের
পর নিহত সোহাগী রহমান তনু ,
আমি সন্ত্রাসীর গুলিতে নিহত চট্টগ্রামের এস পি
বাবুল আক্তারের গৃহবধূ মিতু।
আমি আলোচিত নারায়ণগঞ্জে সাতখুনের ভেসে
উঠা শীতলক্ষ্যার লাশ
আমি তো সেই কাওড়া কান্দিতে ডুবে যাওয়া পিনাক-৬
এর হাজারো প্রাণনাশ।
আমি তো সেই, যাকে পিলারের সাথে বেঁধে
রেখে নির্মম ভাবে পিটিয়ে মারা সিলেটের শিশু
রাজন
আমি গাইবান্ধার এম পি লিটনের ছোড়া দু পায়ে গুলি
খাওয়া স্নেহ ভাজন।

আমি পিলখানায় নিহত ২০০৯ সালের এক নিরীহ সেনা
আমার চাপা উত্তেজনা আর থেমে থাকেনা ।
আমি পুলিশের রাবার বুলেটে চক্ষু হারানো তিতুমীর কলেজের সিদ্দিকুর,
আমি ধর্ষণের বিচার না পেয়ে লজ্জায় বাবা-মেয়ে একসাথে ট্রেনের নিচে আত্মাহুতি দেই গাজীপুর।
আমরা বগুড়ার আলোচিত ন্যাড়া মাথার ধর্ষিতা
এই দেশে আর হবে কতো নারী নির্যাতিতা ?
আমি হলি আর্টিজানের জঙ্গি-সন্ত্রাসীর কবলে
আটকা পরা নিরীহ ক্রেতা
আমাকে মেরেছে যারা দেশদ্রোহী ও মানবতা
বিরোধীর মূল হুতা।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.