দুর্নীতির ধারণা সূচকে নিচের দিকে নেমে গেছে পশ্চিমা অনেক দেশ

0

একসময় দুর্নীতির বিরুদ্ধে শক্ত অবস্থান থাকলেও রাজনৈতিক নেতৃত্বের অভাবে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা এবং সুইডেন ২০২৫ সালের দুর্নীতির ধারণা সূচকে নিচের দিকে নেমে গেছে। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের সোমবার প্রকাশ করা ২০২৫ সালের দুর্নীতি ধারণা সূচকে দেখা গেছে, প্রতিষ্ঠিত গণতন্ত্রের দেশগুলোতেও দুর্নীতি রোধের মান উল্লেখযোগ্যভাবে কমেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, সূচকে এক দশক আগেও যেখানে ৮০-এর ওপরে স্কোর করা দেশের সংখ্যা ছিল ১২, তা ২০২৫ সালে নেমে এসেছে মাত্র পাঁচে। ডেনমার্ক, ফিনল্যান্ড এবং সিঙ্গাপুর এখনও র‌্যাঙ্কিংয়ে শীর্ষে রয়েছে। তবে তাদের শক্তিশালী অবস্থানের বিপরীতে বিশ্বব্যাপী তীব্র অবনমন ঘটেছে।

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল সতর্ক করে দিয়ে বলেছে, সরকারগুলো দুর্নীতির বিরুদ্ধে লড়াই করার জন্য প্রয়োজনীয় ‘সাহসী নেতৃত্ব’ দেখাতে ব্যর্থ হচ্ছে। সংস্থাটির চেয়ারম্যান ফ্রাঁসোয়া ভ্যালেরিয়ান বলেছেন, অনেক নেতা আর দুর্নীতি প্রতিরোধকে অগ্রাধিকার হিসাবে বিবেচনা করেন না।

২০২৫ সালের সূচকে ১০০-এর মধ্যে বৈশ্বিক গড় স্কোর ৪২। এ বছরের সূচকে ১৮২টি দেশের মধ্যে ২৪ স্কোর নিয়ে বাংলাদেশ রয়েছে ১৩তম অবস্থানে। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে ভুটানের স্কোর ৭১, ভারত ও মালদ্বীপের ৩৯, শ্রীলঙ্কার ৩৫, নেপালের ৩৪, পাকিস্তানের ২৮ ও আফগানিস্তানের ১৬।

গত বছরের চেয়ে এবার বাংলাদেশের এক পয়েন্ট উন্নতি হলেও সামগ্রিক র‍্যাঙ্কিংয়ে পিছিয়েছে এক ধাপ। ২০২৪ সালে বাংলাদেশের অবস্থান ছিল ১৪তম।

গত ১০ বছরে পশ্চিমা যেসব দেশের র‍্যাঙ্কিংয়ে বড় পতন দেখা গেছে, সেসব দেশ হলো; নিউজিল্যান্ড ৯ পয়েন্ট কমে ৮১, সুইডেন আট পয়েন্ট কমে ৮০ এবং কানাডা সাত পয়েন্ট কমে ৭৫। গত ১০ বছরে জার্মানির স্কোর চার পয়েন্ট কমে ৭৭-এ নেমেছে। তবে গত বছরের তুলনায় দেশটির স্কোর দুই পয়েন্ট বেড়েছে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.