Saturday, November 28

দেশের ইতিহাস ও ঐতিহ্যকে বিশ্ব দরবারে তুলে ধরতে হবে- প্রধানমন্ত্রী

0

দেশের ইতিহাস ও ঐতিহ্যকে বিশ্ব দরবারে তুলে ধরতে হবে। আগামী প্রজন্মকে সঠিক ইতিহাস ও ঐতিহ্য জানাতে কাজ করতে হবে বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, অনেক সংগ্রামের মধ্য দিয়ে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে।

প্রধানমন্ত্রী বলেন, বঙ্গবন্ধু বলেছিলেন বাঙালিকে কেউ দাবাইয়া রাখতে পারবা না। আসলেই কেউ দাবাইয়া রাখতে পারেনি। ভাষা আন্দোলনের পথ বেয়ে ৯ মাস যুদ্ধের মাধ্যমে স্বাধীনতা অর্জন করেছি আমরা। এখনও বাধা বিপত্তি পেরিয়ে বহু সংগ্রামের মধ্য দিয়েই দেশকে এগিয়ে নিচ্ছি।

মঙ্গলবার সকালে ওসমানী মিলনায়তনে একুশে পদক-২০১৮ প্রদান অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। অনুষ্ঠানে বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ ২১ বিশিষ্ট নাগরিককে একুশে পদক-২০১৮ প্রদান করা হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা পুরস্কারপ্রাপ্তদের হাতে সম্মাননা পদক তুলে দেন। এ ছাড়া মরণোত্তর একুশে পদক গ্রহণ করেন পুরস্কারপ্রাপ্তদের স্বজনরা।

শেখ হাসিনা বলেন, পাকিস্তান সরকার একটা বিজাতীয় ভাষাকে আমাদের ওপর চাপিয়ে দিতে চেয়েছিল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ছাত্র শেখ মুজিবুর রহমান সরকারের এ সিদ্ধান্তের বিরুদ্ধে সক্রিয় ভূমিকা রেখেছিলেন। তিনিই প্রথম বাংলা ভাষাকে আন্তর্জাতিক পরিমণ্ডলে তুলে ধরতে জাতিসংঘে বাংলা ভাষায় ভাষণ দেন।

প্রধানমন্ত্রী বলেন, ৭ মার্চের ভাষণের স্বীকৃতি বাঙালি জাতির গৌরবের। পাকিস্তানি প্রেতাত্মারা এখনো রয়ে গেছে। তাই তারা বার বার ইতিহাস ও ঐতিহ্যের উপর আঘাত হানছে।

তিনি আরও বলেন, আমাদের ঐতিহ্যবাহী জামদানীকে আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছি। আমাদের মঙ্গল সোভা যাত্রা ইউনেস্কো কর্তৃক স্বীকৃতি পেয়েছে। আমাদের নকঁশি কাঁথাও আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছে। সিলেটের শীতল পাটিরও একটা স্বীকৃতি আমরা অর্জন আমরা করতে পেরেছি। আমাদের গৌরবের অনেক কিছু রয়েছে। সেগুলো আমাদের সংরক্ষণ করতে হবে। আগামী প্রজন্মকে উজ্জীবিত করতে হবে।

প্রধানন্ত্রী তার বক্তব্যে বলেন, বাংলাদেশ ক্ষুধায় জর্জরিত ছিলো। আমরা বর্তমানে তা থেকে অনেকটাই মুক্ত হতে পেরেছি। প্রতিটা অর্জনের পেছনেই অনেক ত্যাগ রয়েছে আমাদের। কোনো কিছুই এমনি এমনি আসেনি।

এ বছর পদকপ্রাপ্ত গুণীজনেরা হলেন, ভাষা আন্দোলনে আ জ ম তকীয়ূল্লাহ (মরণোত্তর) ও অধ্যাপক মির্জা মাজহারুল ইসলাম। সঙ্গীতে শেখ সাদী খান, সুজেয় শ্যাম, ইন্দ্রমোহন রাজবংশী, খুরশীদ আলম ও মতিউল হক খান। নৃত্যে মীনু হক (মীনু বিল্লাহ)।

অভিনয়ে হুমায়ূন ফরীদি (মরণোত্তর), নাটকে নিখিল সেন, চারুকলায় কালিদাস কর্মকার, আলোকচিত্রে গোলাম মুস্তাফা, সাংবাদিকতায় রণেশ মৈত্র, গবেষণায় ভাষাসৈনিক অধ্যাপক জুলেখা হক (মরণোত্তর), অর্থনীতিতে ড. মইনুল ইসলাম, সমাজসেবায় ইলিয়াস কাঞ্চন। ভাষা ও সাহিত্যে সৈয়দ মনজুরুল ইসলাম, সাইফুল ইসলাম খান (কবি হায়াৎ সাইফ), সুব্রত বড়ুয়া, রবিউল হুসাইন ও খালেকদাদ চৌধুরী (মরণোত্তর)।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.