নাইজেরিয়ার বিউ শহরের একটি মার্কেটে দুটি আত্মঘাতী বোমা হামলায় ১৭ জন নিহত হয়েছে। এ হামলায় আরো ৪৭ জন আহত হয়েছে বলে জানা গেছে। উত্তর-পূর্বাঞ্চলীয় বিউ শহরে গতকাল শনিবার ওই হামলা চালায় সন্ত্রাসীরা।
জানা গেছে, রাজধানী আবুজায় চালানো এ বোমা হামলায় আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। এখনও হামলা চালানোর কথা স্বীকার করেনি বোকো হারাম। অবশ্য কর্মকর্তারা বলছেন, হামলার ধরন দেখে মনে হচ্ছে এটা বোকো হারাম চালিয়েছে।
জাতিসংঘ বলছে, নাইজেরিয়ায় ২০০৯ সাল থেকে বোকো হারাম এ ধরনের সন্ত্রাসী হামলা শুরু করলে ২০ হাজার লোক নিহত হয়। আর বাস্তুচ্যুত হয়েছে কমপক্ষে ১৭ লাখ মানুষ।
নাইজেরিয়ার সেনাবাহিনী বোকো হারামের বিরুদ্ধে অভিযান জোরদার করেছে। কিন্তু বোকো হারামকে কোনোভাবেই দমানো যাচ্ছে না।
অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল জানিয়েছে, শুধু গত এপ্রিল মাসের পর থেকেই বোকো হারামের হাতে ৪০০ জন নিহত হয়েছে। সূত্র : আলজাজিরা