Thursday, November 26

নাকের এলার্জি হওয়ার কারণ ও চিকিৎসা

0

এলার্জি হচ্ছে শরীরের এক ধরণের রোগ প্রতিরোধক প্রতিক্রিয়া । এতে কিছু কিছু বাহ্যিক পদার্থের প্রভাবে শরীরের বিশেষ বিশেষ অংশের কোষসমূহে অস্বাভাবিক পরিবর্তনের ফলে নানা উপসর্গের সৃষ্টি হয়। এলার্জিতে সাধারণত ত্বক, চোখ, নাক ও শ্বাসতন্ত্রের শ্লৈষ্মিক ঝিল্লি আক্রান্ত হয়ে থাকে, এসবের মধ্যে নাকের এলার্জি সবচেয়ে উল্লেখযোগ্য।
সমস্যা বা রোগের কারণ: এ ধরণের রোগের বহুবিধ কারণ রয়েছে যেমন:
বংশগত: যাদের বাবা-মা কিংবা ভাই-বোন এ রোগে আক্রান্ত তাদের পরবর্তী বংশধরদের অনেকেরই এ রোগ হতে পারে।
পরিবেশগত: বাতাসের  আদ্রতার তারতম্যের ফলেও এ রোগের উৎপত্তি হতে পারে। কারণ যে বাতাস নাকের মধ্যে দিয়ে নেওয়া হয় সেটা নাকের সূক্ষ্ম কোষকে আক্রান্ত করে ওই ধরণের প্রতিক্রিয়ার সৃষ্টি করে।
ভাইরাস, ফাঙ্গাস কিংবা ব্যাকটেরিয়া নাক, ফুসফুসের কিংবা ত্বকের সূক্ষ্ম কোষের তারতম্যের সৃষ্টি করে এলার্জির জন্ম দিতে পারে।
এছাড়া রাস্তার ধূলোবালি, কার্পেটের অংশ, ফুলের রেণু, চামড়ার লোম, পাখির পালক কিংবা ফাঙ্গাসজাতীয় পদার্থ ইত্যাদি এলার্জি হতে পারে।
রোগের লক্ষণ ও উপসর্গ: এ রোগ যেকোনো বয়সের নারী ও পুরুষের মধ্যে সমানভাবে দেখা যায়।
ঋতুভিত্তিক নাকের এলার্জির উল্লেখযোগ্য উপসর্গ-
নাক বন্ধ হয়ে যাওয়া। সাধারণত এক নাক খোলা অপর নাক বন্ধ কিংবা দুই নাকই বন্ধ থাকতে পারে। এ রোগের সঙ্গে নাকের পলিপ হয়েও নাক বন্ধ করতে পারে।
নাক থেকে পানি জাতীয় পদার্থ নির্গত হওয়া
হঠাৎ প্রচন্ড হাঁচি, একত্রে ১০-১২টা পর্যন্ত হয়ে থাকে, এমনকি হাঁচি দিতে দম বন্ধ হওয়ার উপক্রম হওয়া
নাক চুলকানো বা নাকের মধ্যে ইরিটেশন বা নাকের মধ্যে কী যেন আছে বলে মনে হতে পারে।
নাকে গন্ধ না পাওয়া, কান চুলকানো, কাশি, শ্বাসকষ্ট, চোখ চুলকানো, শরীরের অন্য কোথাও চুলকানি
মাথাব্যথা, মাথা ঘোরা, জ্বরজ্বর ভাব, শরীর ম্যাজ ম্যাজ করা ইত্যাদি।
নাকের এলার্জির বাহ্যিক লক্ষণ
নাক: নাকের শ্লৈষ্মিক ঝিল্লি ফিকে, হালকা নীলাভ হয়ে স্ফীত থাকে। সঙ্গে নাকের মাংসপেশি বেড়ে যায়। নাকে সব সময় পানির মতো তরল বা গাঢ় নিঃসরণ জমে থাকে। বাচ্চাদের ক্ষেত্রে বারবার নাক ঘষার জন্য নাকের উপর হালকা ভাঁজ পড়ে এবং সব সময় নাকের নিঃসরণের জন্য নাকের ছিদ্রের নিচে ঘা থাকে।
চোখের পাতা ফুলে যায়, চোখ লাল থাকে এবং পানি পড়ে। বাচ্চাদের ক্ষেত্রে চোখের নিচের পাতার  নিচে নীলাভ দাগ পড়ে।
বাচ্চাদের মাঝে মাঝে নাক বন্ধ থাকার কারণে মুখ দিয়ে শ্বাস-প্রশ্বাস নিতে হয়। ফলে দাঁতের অস্বাভাবিক গড়ন থাকে এবং মুখমন্ডল লম্বাটে হয়।
কান: কান ও নাকের সংযোগস্থলের লসিকাগ্রন্থি ফুলে থাকে স্বরযন্ত্রের বিভিন্ন অংশ স্ফীত থাকে।

রোগ নির্ণয়: রোগীর সম্পূর্ণ রোগ বৃত্তান্ত নেয়া এবং নাক, কান ও গলা ভালোভাবে পরীক্ষা করা। তাছাড়া- এলার্জির জন্য রক্তের বিভিন্ন ধরণের পরীক্ষা ত্বকের মধ্যে বিভিন্ন ধরণের পরীক্ষার মাধ্যমে এলার্জি উদ্দীপক পদার্থ শনাক্তকরণ

রোগের জটিলতা: নাকের এলার্জির জটিলতার কারণে বিভিন্ন রোগ হতে পারে। যেমন-

  • নাকের সাইনাসের দীর্ঘস্থায়ী প্রদাহ
  • নাকের পলিপ
  • মধ্যকর্ণের দীর্ঘস্থায়ী প্রদাহ
  • দাঁতের অস্বাভাবিকতা, মাড়ি ফুলে যাওয়া
  • হাঁপানি ইত্যাদি।

চিকিৎসা বা আরোগ্য লাভের উপায়

এলার্জি উদ্দীপক পদার্থ যতদূর সম্ভব এড়িয়ে চলতে হবে যেমন পোষা প্রাণী ঘর থেকে দূরে রাখা; বালিশ, কম্বল, মাদুর ইত্যাদিতে বর্ডার লাগানো; ঘরের দেয়াল, দরজা-জানালা, কার্পেট সর্বদা পরিষ্কার রাখা, প্রয়োজনে চাকরি পরিবর্তন করা, নাকের ফোঁটা জাতীয় ওষুধের অল্প ও অতিব্যবহার পরিহার করা ইত্যাদি চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ঔসধ সেবন
নাকের এলার্জিতে যতদূর সম্ভব অপারেশন এড়িয়ে চলা উচিত। তবু অনেক সময় নাকে প্রতিবন্ধকতা দূর করতে বা প্রদাহের কারণে জমে থাকা তরল পদার্থ বের করার জন্য অপারেশনের প্রয়োজন হয়। যেমন-

  • নাকের সাইনাস পরিষ্কার করা
  • নাকের বেড়ে যাওয়া মাংসপেশি চিকিৎসার মাধ্যমে কেটে ফেলা
  • নাকের পলিপ বের করা
  • নাকের বাঁকা হাড় সোজা করা ইত্যাদি।

তাছাড়া অনেক সময় রোগীকে অন্যান্য চিকিৎসার সঙ্গে  মানসিক প্রবোধ দিতে হয়। বাচ্চাদের ক্ষেত্রে নাকের এলার্জির সঙ্গে টনসিল ও এডিনয়েডের দীর্ঘস্থায়ী প্রদাহ থাকলে, খুব প্রয়োজন না হলে অপারেশন করা উচিত নয়।
এলার্জির চিকিৎসা অধিকাংশ ক্ষেত্রে কম ফলদায়ক ও সময়সাপেক্ষে। তারপরও রোগী উপরোল্লিখিত নিয়মকানুন মেনে চলে স্বাস্থ্যসম্মত জীবন যাপন করলে রোগমুক্ত থাকতে পারেন।

চিকিৎসার জন্য যোগাযোগ:

  • উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স
  • জেলা সদর হাসপাতাল
  • মেডিকেল কলেজ হাসপাতাল
  • বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়
  • বেসরকারী হাসপাতাল

সুত্র: জাতীয় ই-তথ্যকোষ।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.