Monday, September 21

পপি এবার পুলিশ অফিসার

0

পরিচালক মনতাজুর রহমান আকবরের ‘কে আমার বাবা’ ছবিতে পুলিশ চরিত্রে অভিনয় করে বেশ প্রশংসা কুরিয়েছিলেন দর্শকপ্রিয় চিত্রনায়িকা পপি। এ ছবিতে প্রয়াত নায়ক মান্নার বিপরীতে অভিনয় করেন তিনি। ছবিটি মুক্তি পায় ১৯৯৯ সালে। প্রায় দুই দশক পর আবারো নতুন একটি ছবিতে পুলিশ চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন পপি।

নতুন এ ছবি প্রসঙ্গে পপি বলেন, ‘নতুন ছবির জন্য প্রস্তুতি নিচ্ছি। ছবির নাম ‘রাজপথে আছি’। আমি সাধারণত চরিত্র প্রধান গল্পে কাজ করে থাকি। এই চলচ্চিত্রটিতেও আমাকে সেভাবেই দেখা যাবে। এখানে আমার চরিত্রের নাম শুভ্রতা। জাবেদ মিন্টুর পরিচালনায় এ ছবিতে আমার বিপরীতে অভিনয় করবেন জায়েদ খান। এখানে একজন পুলিশ কর্মকর্তার চরিত্রে দেখা যাবে আমাকে। আর ছবিতে বেশ অ্যাকশনও থাকবে। এর আগে মনতাজুর রহমান আকবর ভাইয়ের ‘কে আমার বাবা’ ছবিতে পুলিশ চরিত্রে অভিনয় করেছিলাম। ছবিটি মুক্তির পর বেশ প্রশংসা পেয়েছিলাম।

এদিকে পপি অভিনীত বেশকিছু ছবি মুক্তির অপেক্ষায় রয়েছে। এ তালিকায় আছে সাদ্দাম হোসেনের ‘বিয়ে হলো বাসর হলো না’, মিঠুর ‘মন খুঁজে বন্ধন’সহ বেশ কিছু চলচ্চিত্র। আর এবারের ঈদে পপি অভিনীত ‘মেন্টাল’ ও ‘অতি চালাকের গলায় দড়ি’ নামক নাটক এবং টেলিছবি ‘দুপুর আকাশে একলা চিল’ প্রচার হয়েছে। এরমধ্যে বি ইউ শুভর পরিচালনায় ‘দুপুর আকাশে একলা চিল’ টেলিছবিটি প্রচারের পর সবচেয়ে বেশি সাড়া পান বলে জানিয়েছেন পপি। এতে তার বিপরীতে সহশিল্পী হিসেবে অভিনয় করেন অপূর্ব।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.