পাবনার ঈশ্বরদীতে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এক চালক নিহত হয়েছেন। দুর্ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। তাৎক্ষণিকভাবে নিহত ব্যক্তির পরিচয় জানা যায়নি।
শুক্রবার সকাল ৬টায় উপজেলার সরইকান্দি এলাকায় ঈশ্বরদী-নাটোর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
পাকশী হাইওয়ে পুলিশের উপপরিদর্শক রাজিবুল আলম জানান, পাথরবোঝাই একটি ট্রাকের সঙ্গে তুলাবোঝাই একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই একটি ট্রাকের চালক নিহত হন। এতে আহত হন অপর ট্রাকচালক ও হেলপার। দুর্ঘটনায় নিহত চালকের হেলপারও আহত হন।
আহত ইমরান হোসেন সোহান ও আসলাম হোসেনকে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অন্যজনকে পাবনা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।