প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, পার্বত্য চট্টগ্রামে একসময় রক্তক্ষয়-সংঘাত ছিল। এই সংঘাতের কারণ-সমস্যা চিহ্নিত করেই আওয়ামী লীগ শান্তি চুক্তি করে। চুক্তিতে বাধা এলেও এর প্রায় ৮০ ভাগ বাস্তবায়ন হয়ে গেছে এবং এ চুক্তি পুরোপুরি বাস্তবায়নে কাজ চলছে।
রোববার রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে থেকে রাঙ্গামাটির কাপ্তাই উপজেলার মিটিঙ্গ্যা ছড়িতে উপস্থিত নেৃবৃন্দের সঙ্গে ভিডিও কনফারেন্স করে এই পাড়াকেন্দ্র উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এ কথা বলেন।
শেখ হাসিনা বলেন, সরকার সব এলাকার উন্নয়নে কাজ করে যাচ্ছে। পার্বত্য চট্টগ্রামের উন্নয়নেও কাজ করছে। পার্বত্য চট্টগ্রামের অঞ্চল বলে কোনো এলাকা পিছিয়ে থাকবে না।
প্রধানমন্ত্রী অভিযোগ করেন, আগের সরকারগুলো সমতল ভূমি থেকে মানুষদের সেখানে নিয়ে সংঘাত উস্কে দিয়েছিল। কিন্তু শান্তি চুক্তির মাধ্যমে এই সংঘাতের পথ বন্ধ করে দেয় আওয়ামী লীগ সরকার।
উদ্বোধনী অনুষ্ঠানে ঢাকা প্রান্তে প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা ড. গরহর রিজভী, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী বীর বাহাদুর উ শৈ সিং এমপি, সংসদে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কীত কমিটির সভাপতি ওবায়দুল মুক্তাদির এমপি, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব নব বিক্রম কিশোর ত্রিপুরা এবং ইউনিসেফ-এর কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ উপস্থিত ছিলেন।
১৯৮০ সালের দিকে পার্বত্য চট্টগ্রামের শিশুদের স্কুলমুখী করতে পাড়াকেন্দ্র স্থাপনের কাজ শুরু হয়। শিশুদের আনন্দের সঙ্গে প্রাক প্রাথমিক শিক্ষা প্রদানের পাশাপাশি পাড়াকেন্দ্র দায়িত্বপ্রাপ্ত শিক্ষক ও কর্মীরা প্রসূতি মা ও কিশোরীদের বয়ঃসন্ধিকালের যত্ন ও পুষ্টি বিষয়ে কাজ করে। গত ৩৭ বছরে বাড়তে বাড়তে পাড়াকেন্দ্রের সংখ্যা বর্তমানে চার হাজারে দাঁড়িয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী বীর বাহাদুর উ শৈ সিং এমপি বলেন, ‘প্রকল্পের মেয়াদ শেষ হলেও পাড়াকেন্দ্রগুলোর ভবিষ্যত কোনোভাবেই অনিশ্চিত নয়। পার্বত্য চট্টগ্রাম টেকসহ সামাজিক সেবা নামে আরো একটি প্রকল্প প্রস্তাব এখন প্রধানমন্ত্রীর দপ্তরে রয়েছে।’ শিগগির এই প্রকল্প পাস হবে বলে আশা প্রকাশ করেন তিনি।