পেশিশক্তি নয়, জনগণ ভোটের মাধ্যমে সরকারকে নির্বাচিত করেছে -স্বরাষ্ট্রমন্ত্রী

0

দেশের জনগণ শেখ হাসিনা সরকারকে ভালোবেসে ভোট দিয়ে বার বার নির্বাচিত করছে, শেখ হাসিনার বিকল্প শুধু শেখ হাসিনাই। পেশিশক্তি কিংবা বন্দুকের নলের সাহায্যে নয়, জনগণ শেখ হাসিনা সরকারকে ভালোবেসে বার বার নির্বাচিত করছে। জনগণের ভোটের মাধ্যমে আওয়ামী লীগ ক্ষমতায় এসেছে।

বুধবার (০৯ নভেম্বর) মাদারীপুরে বেলা রাইসু ফাউন্ডেশন কেনিয়া-আছমত আলী খান ফাউন্ডেশনের আয়োজনে পাঁচ দিনব্যাপী ঠোঁটকাটা ও তালুকাটা রোগীদের ফ্রি চিকিৎসার উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এ সব কথা বলেন।

মন্ত্রী বলেন, বিএনপি রাজধানী ঢাকায় লাখ লাখ মানুষ নিয়ে সমাবেশ করবে। তারা সেখানেই সরকার গঠন করবে বলে শোনা যায়। কিন্তু রাস্তাঘাট বন্ধ করে সমাবেশ করলে ও জনগণের জানমালের ক্ষতি করলে আইনশৃঙ্খলা বাহিনী প্রতিহত করবে।

আসাদুজ্জামান খান কামাল বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণতন্ত্রের কথা বিশ্বাস করেন। এজন্যই দেশের সবখানেই একটি কথা শোনা যায়, শেখ হাসিনার বিকল্প কিছু নেই। শেখ হাসিনার বিকল্প শেখ হাসিনাই। সারা বাংলাদেশ নির্বাচনের জন্য তৈরি হচ্ছে, দেশের জনগণ নৌকা মার্কায় ভোট দিয়ে আবারও ক্ষমতায় এনে শেখ হাসিনাকে বিজয়ী করবে এবং দেশ সামনের দিকে এগিয়ে যাবে ।

মন্ত্রী বলেন, স্বাধীনতাবিরোধীরা বঙ্গবন্ধুকে বাঁচতে দেয়নি। তাদের ধারণা ছিল বঙ্গবন্ধুর রক্ত যার শরীরে থাকবে। সেই ঘুরে দাঁড়াবে। ইতিহাসে এমন হত্যাকাণ্ড আর একটাও নেই। যেখানে শেখ রাসেলের মতো নিষ্পাপ শিশুকে হত্যা করা হয়েছিল। তাকে দেশের জন্য শাহাদাৎ বরণ করতে হয়েছিল। বঙ্গবন্ধু বেঁচে থাকলে অনেক আগেই উন্নত দেশে পরিণত হতো বলেও মন্তব্য করেন তিনি।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.