Sunday, November 29

পোপ ফ্রান্সিসের সঙ্গে আজ প্রধানমন্ত্রী সাক্ষাৎ করবেন

0

প্রধানমন্ত্রী শেখ হাসিনা পোপ ফ্রান্সিসের সঙ্গে সাক্ষাৎ করতে আজ ভ্যাটিক্যান সিটি সফর করবেন। পোপের আমন্ত্রণে সকালে তিনি এ হলি সিটি সফরে যাচ্ছেন। বার্তা সংস্থা ইউএনবির খবরে বলা হয়েছে, স্থানীয় সময় ১১ ফেব্রুয়ারি, সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে (বাংলাদেশ সময় রাত ১১টা ৫০ মিনিট) লিওনার্দো দা ভিঞ্চি-ফিউমিচিনো আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি।

এর আগে ১১ ফেব্রুয়ারি, রবিবার সকাল ৯ টা ৫৫ মিনিটে রোমের উদ্দেশে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকা ছাড়েন প্রধানমন্ত্রী।

ভ্যাটিক্যান সিটিতে পৌঁছার পর সেখানে প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার প্রদান করা হবে। এরআগে পোপ ফ্রান্সিস প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমন্ত্রণে গত ৩১ নভেম্বর থেকে ২ ডিসেম্বর পর্যন্ত বাংলাদেশ সফর করেন।

প্রধানমন্ত্রী সেখানে সেক্রেটারি স্টেট অব ভ্যাটিক্যান সিটি কার্ডিনাল পিত্রো পারোলাইনের সঙ্গে বৈঠক করবেন। পরে তিনি ভ্যাটিক্যান সিটিতে সিস্টিন চ্যাপেল এবং সেন্ট পিটার’স ব্যাসিলিকা পরিদর্শন করবেন।

‘দি সিস্টিন চ্যাপেল’ ভ্যাটিক্যান সিটিতে ক্যাথলিক ধর্ম গুরু পোপের প্রশাসনিক বাসভবন অ্যাপোস্টলিক প্রাসাদের প্রার্থনার জন্য নির্দিষ্ট স্থান। এটি ‘ক্যাপেলো মেগনা’ নামেও পরিচিত। ‘পোপ সিক্সসটাস ৪র্থ’ ১৪৭৭ থেকে ১৪৮০ সালের মধ্যে এটি পুননির্মাণের সময় থেকেই এই নামকরণ হয় এবং সেই সময় থেকেই এটি ধর্মীয় কাজ এবং পোপের কার্যক্রমের জন্য ব্যবহৃত হয়ে আসছে।

‘সেন্ট পিটার’স ব্যাসিলিকা’ ভ্যাটিক্যান সিটিতে একটি ইতালীয় রেনেসাঁ (পুনর্জাগরণ) গির্জা। এটি রেনেসাঁ স্থাপত্যকলার একটি অনন্য নিদর্শন এবং পৃথিবীর সবচেয়ে বড় গির্জা। রেনেসাঁ যুগের বিখ্যাত স্থাপত্যবিদ দোনাতো ব্রামান্তে, সে সময়কার বিখ্যাত ভাস্কর ও চিত্র শিল্পী মিকেল এ্যাঞ্জেলো, স্থাপত্যবিদ কার্লো মদার্নো এবং জিয়ান লরেঞ্জো বেরনিনি এর নকশা প্রণয়ন করেন।

বিকেলে বিশ্ব খাদ্য কর্মসূচির নির্বাহী পরিচালক ডেভিড বিসলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তার রোমে অবস্থানরত হোটেল কক্ষে সাক্ষাৎ করবেন।

ইতালিতে বাংলাদেশের রাষ্ট্রদূত আব্দুস সোবহান সিকদার এবং ইফাদ’র সহ সভাপতি পেরিন সেন্ট অ্যাঞ্জি বিমান বন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান। স্থানীয় আওয়ামী লীগের বিপুলসংখ্যক নেতা-কর্মী হোটেলে শেখ হাসিনাকে ফুলেল শুভেচ্ছা জানান।

আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিলের প্রেসিডেন্ট গিলবার্ট এফ হিউংবোর আমন্ত্রণে সংস্থাটির গভর্নিং কাউন্সিলে যোগ দিতে গিয়েছেন তিনি। ১২ থেকে ১৪ ফেব্রুয়ারি এই অধিবেশন অনুষ্ঠিত হবে।

সফরকালে শেখ হাসিনা দেশটির প্রধানমন্ত্রী পাওলো জেনতিলোনির সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন। বৈঠকে দুই দেশের বাণিজ্য, বিনিয়োগ,পর্যটন ও পরিবেশ খাতে সহযোগিতার বিষয়ে আলোচনা হবে। এ ছাড়া ইতালিতে প্রবাসী বাংলাদেশিদের আয়োজিত এক অনুষ্ঠানেও অংশ নেবেন প্রধানমন্ত্রী।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.