Saturday, November 28

পৌষের শীতেই কাঁপছে বাঘ!

0

২০১৭ সালের বিদায়বেলায় ডিসেম্বর মাসে হালকা শীতের সঙ্গে গরম কিছুটা আঁচড় কেটেছিল। তবে নতুন বছরের শুরুতে অবস্থা এমনই হলো যে বাংলাদেশের ইতিহাসে শীত পড়ার সব রেকর্ড ভেঙে গেল। কদিন ধরে তীব্র শৈত্যপ্রবাহে শুধু মানুষই নয়, কাবু হয়ে পড়েছে পুরো প্রাণিকুল। বানরশাবকেরা দুষ্টুমি ছেড়ে রীতিমতো স্বজাতি বুড়োদের গায়ে লেপ্টে থেকে ওম পেতে চাইছে। মাঘ নয়, পৌষের শীতেই কাঁপছে বাঘ; নেই তর্জন-গর্জন। কারণ, আজ কেবল ২৭ পৌষ। এখনো পড়ে আছে পুরো মাঘ মাস।

তীব্র শৈত্যপ্রবাহে গত ৫০ বছরের রেকর্ড ভেঙে দেশে সর্বনিম্ন তাপমাত্রা ২ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াসে নেমে এসেছে। দেশের উত্তরের শেষ প্রান্ত পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় সর্বনিম্ন তাপমাত্রা ২ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। তীব্র শীতের এই রেকর্ড ৫০ বছর ধরে রেখেছিল মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা। পাহাড়-টিলায় ঘেরা এই এলাকায় ১৯৬৮ সালের ৪ ফেব্রুয়ারি তাপমাত্রা ছিল ২ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া অধিদপ্তরের কাছে এটিই ছিল বাংলাদেশে সর্বনিম্ন তাপমাত্রার রেকর্ড। এরপর প্রতিবছর তীব্র শৈত্যপ্রবাহ বয়ে গেলেও দেশের কোথাও ৩ ডিগ্রি সেলসিয়াসের নিচে নামার তথ্য আবহাওয়া অধিদপ্তরের কাছে নেই।

গত সোমবার সকালে ঢাকার মিরপুর চিড়িয়াখানা ঘুরে এমন দৃশ্যই দেখা গেছে। ঘন কুয়াশা আর ঠান্ড বাতাসে কাবু হয়ে পড়েছে পশু-পাখি।

চিড়িয়াখানা কর্তৃপক্ষ বলছে, শৈত্যপ্রবাহে সবচেয়ে বেশি কাতর হয়ে পড়েছে পাখি, সরীসৃপ, বানর, উল্লুক প্রভৃতি। বিশেষ করে তানজানিয়া, কেনিয়াসহ আফ্রিকান ও অস্ট্রেলীয় জাতের বন্যপ্রাণী ও পাখি সর্বাধিক কাতর হয়ে পড়েছে। জানা গেছে, চিড়িয়াখানার প্রাণিকুল রক্ষায় চট, বস্তা দিয়ে খাঁচা আড়াল করে বাতাস আটকানো আর খড়-কুটোর বাসা তৈরির ব্যবস্থা করছে কর্তৃপক্ষ। পাশাপাশি পুরনো মেন্যুর সঙ্গে শক্তিবর্ধক বা শরীরে উত্তাপ জাগানোর উপাদান সমৃদ্ধ খাবার সরবরাহ করা হচ্ছে। এর পরও অবস্থার অবনতি হলে সিঙ্গাপুর, থাইল্যান্ড, লন্ডন, স্পেনের চিড়িয়াখানায় পশুপাখিদের যেভাবে রক্ষণাবেক্ষণ করা হয়, সেভাবে শীত নিবারণী বস্ত্র ব্যবহার করা হবে।

চিড়িয়াখানার প্রবেশপথেই বানরের খাঁচা। এই শীতেও বেশ দর্শনার্থী দেখা গেল। শিশু-কিশোররা বাদাম ছুড়ে দিচ্ছে বানরের খাঁচায়। কিন্তু তাতে সায় নেই বানরকূলের। পাশেই বিশাল লোহার জালঘেরা পাখির আস্তানা। ইউরোপ-আমেরিকার গ্রেটার ফ্লেমিংগো থেকে শুরু করে দেশীয় জাতের কালিবকের কলকাকলি বন্ধ হয়ে গেছে।

চিড়িয়াখানার পাখি শাখার প্রধান আবদুল জলিল বলেন, শীত বাড়লে বেশি ধকল পড়ে অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড, আফ্রিকান জাতের উটপাখি, ইমু, মেকাও, টিয়া, লাভ বার্ডের। প্রচন্ড শীতের কামড় থেকে এসব পাখিসহ অন্যগুলোকে বাঁচাতে আমরা খড়-কুটা, তুষ, চট বিছিয়ে দিচ্ছি; দিনরাত নজরদারি রাখছি। খাবার তালিকায় নতুন করে কাঁচা বাদাম যোগ করেছি। শরীরে তাপমাত্রা বাড়াতে পাউরুটি, পোল্ট্রি ফিড দিচ্ছি। পানিতে ভিটামিন এ ডি ই, ক্যালসিয়াম, ফসফরাস, ম্যাঙ্গানিজ ও মিনারেল মেশানো হচ্ছে।

জিরাফগুলোকে দেখা গেছে শীতে জড়োসড়ো হয়ে শুয়ে থাকতে। গাধাগুলোর অবস্থাও নাজুক। তবে ব্যতিক্রম দেখা গেছে হাতির বেলায়। একদিকে ঠান্ডা পানিতে গড়গড় ঢোক গিলছিল, অন্যদিকে গোসলও সারছিল।

সরীসৃপ জাতের সাপের বসতভিটে মাটির গর্ত। শীতকে বড্ড ভয় পেয়ে মাটির গভীরে লুকিয়ে পড়তে অভ্যস্ত মানুষের প্রাণ কেড়ে নিতে পারদর্শী এ প্রাণী। কিন্তু তার ঠিকানা চার দেয়ালে। তাই লোহার পাইটের ভেতরে যে কখন লুকিয়ে পড়েছে সে জন্য তার দেখা মেলেনি।

চিড়িখানার ক্ষুদ্র স্তণ্যপায়ী ও সরীসৃপ শাখার প্রধান সঞ্জীব কুমার বিশ্বাস বলেন, শীতের তীব্রতায় সরীসৃপজাতীয় প্রাণী খাওয়া বন্ধ করে দেয়। এ জন্য আমরা পাইপের মাধ্যমে কৃত্রিম গর্তের ব্যবস্থাসহ খড়, চট তৈরি করছি। বানরের শীত বেশি বলে বস্তার বালিশে খড়-কুটো ভরে আরামে রাখার চেষ্টা করছি। ভিটামিন, বাদাম, ছোলার পাশাপাশি ডিম খেতে দিচ্ছি। তুষ ছিটিয়ে ফ্লোর গরম রাখছি।

ঢাকা চিড়িয়াখানার কিউরেটর এসএম নজরুল ইসলাম বলেন, শৈত্যপ্রবাহ থেকে রক্ষায় প্রাণী-পাখির বেলায় যে ধরনের ব্যবস্থা দরকার আমরা সে ধরনের ব্যবস্থাই নিয়েছি। খড়কুটা দিয়ে মেঝে গরম ছাড়াও বাতাস বন্ধ এবং খাবারে নতুনত্ব এনেছি।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.